অবশেষে ফিরে এলো পরিচিত রাজত্ব। ২০২৪/২৫ মৌসুমে ফের জার্মান বুন্দেসলিগার শিরোপা জিতে নিল বায়ার্ন মিউনিখ। জাবি আলোনসোর লেভারকুজেনের কাছ থেকে মুকুট ছিনিয়ে নিয়ে দুই ম্যাচ হাতে রেখেই নিশ্চিত করলো নিজেদের রেকর্ড-সম্পৃক্ত ৩৩তম শিরোপা।
শনিবার আরবি লেইপজিগের বিপক্ষে রুদ্ধশ্বাস ৩-৩ ড্র করার পরও আশায় ছিল বাভারিয়ানরা। সেই আশাই সত্যি হলো যখন দ্বিতীয় স্থানে থাকা লেভারকুজেন ঘরের মাঠে ফ্রাইবুর্গের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হলো। ফলাফল— পয়েন্ট টেবিলে ধরা-ছোঁয়ার বাইরে চলে গেল বায়ার্ন। ভিনসেন্ট কোম্পানির প্রথম মৌসুমেই হ্যারি কেইনের প্রথম শিরোপা, মুলারের শেষ সম্ভাব্য মুকুট।
গত মৌসুমে একেবারেই শূন্য হাতে ফিরতে হয়েছিল তাদের। ২০১১ সালের পর প্রথমবারের মতো কোনো ট্রফি ছাড়া শেষ করেছিল মৌসুম, বুন্দেসলিগায় শেষ করেছিল তৃতীয় স্থানে। তবে নতুন কোচ ভিনসেন্ট কোম্পানির অধীনে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে বাভারিয়ানরা।
মৌসুমের তৃতীয় ম্যাচডে থেকেই শীর্ষস্থান দখলে রেখেছে তারা। এখন পর্যন্ত ৩২ ম্যাচে ২৩ জয়, মাত্র ২টি পরাজয়, গোলসংখ্যা—৯৩!
এই শিরোপা ভিনসেন্ট কোম্পানির কোচিং ক্যারিয়ারের প্রথম বড় অর্জন। ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ক্ষেত্রেও একই কথা—ব্যক্তিগত ক্যারিয়ারে প্রথম কোনো বড় লিগের শিরোপা পেলেন তিনি।
আর এই শিরোপার মধ্য দিয়েই এক কিংবদন্তির অধ্যায় সম্ভবত শেষের পথে। থমাস মুলার—যিনি সম্প্রতি করেছেন নিজের ৫০০তম বুন্দেসলিগা ম্যাচ—এই নিয়ে ১৩তম এবং সম্ভবত শেষ শিরোপা জিতলেন বায়ার্নের হয়ে। ২৫ বছর ধরে ক্লাবের সঙ্গে থাকা এই ‘ওয়ান ক্লাব ম্যান’ চলতি গ্রীষ্মে ক্লাব ও বিশ্বকাপের মাঝে হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ শেষে বিদায় নেবেন বলেই ধারণা।
আগামী সপ্তাহে নিজেদের মাঠে বরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচটি হবে এই মৌসুমে তাদের শেষ হোম ম্যাচ, আর ১৭ মে হফেনহাইমের মাঠে লিগ শেষ করার দিনই হাতে উঠবে মৌসুমের প্রতীক্ষিত মেইস্টারশালে।
শিরোপা ফিরে পেল পুরনো রাজা, মুকুটে যোগ হলো নতুন মুখ। ক্রীড়ার গল্পে এ যেন অভিজাত ঐতিহ্য আর নতুন আশার অনবদ্য মেলবন্ধন!
ইপিএলে জিততে ভুলে গেছে ম্যানইউ
সাবিনাদের খেলার অপেক্ষা ঘুচতে যাচ্ছে