গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একে একে মারা গেলেন দগ্ধ ৫ জনই। সবশেষ চিকিৎসাধীন রোববার রাতে মারা গেল তানজিলা (১০) নামে শিশুটি।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান।
তিনি জানান, তানজিলার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত ১১টার দিকে সে মারা গেছে। এই ঘটনায় তানজিলার মা ও চিকিৎসাধীন কয়েকদিন আগে মারা গিয়েছেন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
এরআগে, গত ২৭ এপ্রিল সন্ধ্যা সাতটার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আইয়ান।
আইয়ানের চাচা আরিফ হোসেন জনান, তাদের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায়। আইয়ানের বাবা মাজহারুল ইসলাম পোশাক শ্রমিক আর মা পারভীন গৃহিনী। ঘটনার দিন ছেলেকে নিয়ে ঘরেই ছিলেন পারভিন৷ হঠাৎ বিস্ফোরণ হলে আগুন লেগে মা ছেলে দগ্ধ হয়।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রোমান জানান, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে বাসাটিতে রান্না করছিলেন আয়নের মা পারভিন। তখন গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে শিশুসহ তারা পাঁচজন দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।
