নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ চ্যালেঞ্জ করে রিট

আপডেট : ০৫ মে ২০২৫, ০৭:৩৯ এএম

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের কয়েকটি সুপারিশের গ্রহণযোগ্যতা এবং এ নিয়ে প্রশ্ন তুলে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী রওশন আলী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদনটি করেন। রিটে সংশ্লিষ্ট তিনটি মন্ত্রণালয় ও নারী সংস্কার কমিশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। এ ছাড়া কমিশনের প্রতিবেদনের ৩, ৪, ৬, ১০, ১১ ও ১২ অধ্যায়ে অন্তর্ভুক্ত সুপারিশগুলো কেন বেআইনিভাবে প্রণীত ও আইনগত কার্যকারিতা বহির্ভূত ঘোষণা করা হবে না, এ মর্মে রুলের আরজি জানানো হয়েছে। আবেদনে বলা হয়েছে, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদনের বিভিন্ন সুপারিশ ইসলামি শরিয়তের বিধানের পরিপন্থী। দেশের জনগণের ধর্মীয় অনুভূতির পরিপন্থী এবং বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। বিচারপতি ফাতেমা নজিবের নেতৃত্বে গঠিত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় এলে আবেদনটির ওপর শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী। অ্যাডভোকেট রওশন আলী দেশ রূপান্তরকে বলেন, ‘নারীবিষয়ক সংস্কার কমিশনের এমন কিছু সুপারিশ আমাদের চোখে পড়েছে যেগুলো আসলে পবিত্র কোরআন, হাদিস এমনকি সংবিধানেরও বিরোধী। এসব বিষয় উল্লেখ করে আমরা আবেদনটি করেছি। শুনানিতে বিস্তারিত তুলে ধরব।’

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত