'স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন', সহ-অধিনায়ক হয়ে মেহেদী

আপডেট : ০৫ মে ২০২৫, ০৮:২৫ এএম

টি-টোয়েন্টি দলে মেহেদী হাসান নামটা এখন যেন একটি নিশ্চিত সমীকরণ। আঁটসাঁট বোলিং আর প্রয়োজনের মুহূর্তে কার্যকরী ব্যাটিংয়ে নিজেকে দলের অপরিহার্য অংশে পরিণত করেছেন আগেই। এবার আরও বড় এক দায়িত্ব এসে পড়েছে তাঁর কাঁধে—বাংলাদেশ টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক তিনি এখন।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লিটন দাসকে অধিনায়ক করে এগোচ্ছে বিসিবি। আর তাঁকে সহ-অধিনায়ক করায় কিছুটা হলেও চমক এসেছে ক্রিকেটপাড়ায়। কারণ, ঘরোয়া ক্রিকেটে এক দশকের অভিজ্ঞতা থাকলেও কখনোই অধিনায়কত্বে দেখা যায়নি তাকে। জাতীয় দলেও ছিলেন না নেতৃত্ব সংক্রান্ত কোনো আলোচনায়।

তবে বিসিবির দেওয়া এই নতুন দায়িত্বে নিজেকে গর্বিতই ভাবছেন খুলনায় থাকা এই অলরাউন্ডার। মেহেদী বলেন, 'এ রকম আলাদা কোনো অনুভূতি নেই। তবে দেশের হয়ে এসব সুযোগ সচরাচর কেউ পায় না। সেদিক থেকে এটা গর্বের জায়গা, তাই ভালো লাগাটা তো আছেই।'

নেতৃত্ব নিয়ে কখনো আলাদা করে ভাবেননি, সেটাও জানালেন অকপটে, 'অধিনায়কত্ব করিনি। কিন্তু সব সময় তো ইনভলভ থাকতাম যেকোনো খেলায়।' মেহেদীর এমন ইতিবাচক মানসিকতাই হয়তো নজর কেড়েছে টিম ম্যানেজমেন্টের।

ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন গতকাল সংবাদ সম্মেলনে বলেন, 'ওর যে অভিজ্ঞতা আছে, ট্যাকটিক্যাল জ্ঞান আছে, সেটা আমরা প্রায়ই দেখতে পাই। তা নিয়ে নির্বাচক, কোচসহ সবার সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের মনে হয়েছে, এই মুহূর্তে যদি তাকে এই সুযোগটা দিই, তাহলে দেখতে পারব, কীভাবে সে এটি প্রয়োগ করে।'

৫৪টি টি-টোয়েন্টি ম্যাচে ৪৬ উইকেট আর ৩৬২ রান করা মেহেদী এখন এই সংস্করণে দলের ‘অটোমেটিক চয়েস’। তাই এমন একজনকে দায়িত্ব দিয়ে ভবিষ্যতের পথচলায় কিছুটা প্রস্তুত করতে চাইছে বিসিবি।

নতুন দায়িত্বের গুরুত্ব বোঝেন মেহেদী। কথার মাঝে দায়িত্বের গভীরতা বুঝিয়ে বললেন, 'এটা তো একটা দায়িত্ব। আসলে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।'

তবে নেতৃত্ব তাঁর জন্য বড় কোনো ভাবনার বিষয় নয়। আপাতত চোখ সামনে থাকা সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে, 'আমি বা অন্য কেউ অধিনায়ক হওয়াটা গুরুত্বপূর্ণ না, দলের পারফরম্যান্সটা গুরুত্বপূর্ণ। দেখা যাক কী হয়, সামনে তো অনেক খেলা আছে।'

টি-টোয়েন্টিতে আলো ছড়ানো এই অলরাউন্ডার ওয়ানডেতে থেমে আছেন মাত্র ১১ ম্যাচে। অন্য সংস্করণেও তাঁর সম্ভাবনা নিয়ে আলোচনা আছে টিম ম্যানেজমেন্টে। তবে এসব নিয়ে খুব একটা ভাবেন না মেহেদী, সব দায়িত্ব বিসিবির হাতেই তুলে দিয়েছেন।

নতুন পরিচয়ে মেহেদী হাসানের এই যাত্রা কত দূর যায়, সেটা সময়ই বলবে। আপাতত তিনি নিজেকে প্রস্তুত করছেন আরও বড় দায়িত্বের জন্য—মাঠে, মননে এবং নেতৃত্বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত