চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি দেওয়ায় ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হয়েছে। রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা ছাত্রদল।
ফেনী সরকারি কলেজ গেইটে ভাসমান অস্থায়ী দোকান থেকে চাঁদাবাজির সংবাদ প্রকাশের জেরে দৈনিক ফেনীর সময়-এর চিফ রিপোর্টার আরিফ আজমকে প্রাণনাশের হুমকি দেওয়ায় কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানের পদ স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ২৮ এপ্রিল ফেনীর সময়-এর চিফ রিপোর্টার আরিফ আজমের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের কারণে ফেনী সরকারি কলেজ শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান পদ স্থগিত করা হল।’
উল্লেখ্য, গত সোমবার দৈনিক ফেনীর সময় এ ‘ফেনী কলেজ গেইটে ফুটপাতে অস্থায়ী দোকান থেকে ছাত্রদল নেতার চাঁদাবাজি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে জিল্লু ক্ষুব্ধ হয়ে আরিফ আজমকে ফোনে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আরিফ আজম ফেনী মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। পরদিন মঙ্গলবার ফেনীতে কর্মরত সাংবাদিকরা মানববন্ধন করেন।
এছাড়া জিল্লুর বিরুদ্ধে শহরের এক ক্লিনিক মালিকের নিকট ১০ লাখ টাকা চাঁদা দাবি ও অপর এক যুবক থেকে দুই লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ রয়েছে। তার হুমকির মুখে কলেজের এক কর্মচারী প্রাণভয়ে আত্মগোপনে রয়েছেন।
