নির্ধারিত সময়ে সড়কের সংস্কার শেষ করার অনুরোধ মোস্তফা জামানের 

আপডেট : ০৫ মে ২০২৫, ০৩:৫৭ পিএম

তুরাগের প্রধান প্রধান সড়কগুলো খানাখন্দ করে রাখা হয়েছে। এসব সড়ক দিয়ে সাধারণ মানুষ চলাচল করতে সমস্যা হয় আবার হরহামেশাই ঘটছে দুর্ঘটনা। আর অল্প বৃষ্টিতে হয় হাঁটু পানি। এসব সড়ক নির্ধারিত সময়ের মধ্যেই সড়কের সংস্কারের কাজ শেষ করার অনুরোধ জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান।

মঙ্গলবার দুপুরে রাজধানী তুরাগের কামারপাড়া এলাকায় তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজী জহিরুল ইসলামের বাবার কুলখানি অনুষ্ঠানে গিয়ে তিনি এ অনুরোধ জানান। 

তিনি বলেন, অচিরেই সড়কের সংস্কারের কাজ শেষ করতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের সময় বিভিন্ন সড়কে কাজের নামে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে তাড়া। জনপ্রতিনিধিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এসব দুর্নীতির সঙ্গে জড়িত ছিল। এছাড়া ঠিকাদার কম্পানি সঠিক কাজ না করে তাড়াও তাদের পকেটে ভারী করেছে। তাই স্বৈরাচার ও তাদের দোসররা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। বিদেশে টাকা পাচার করেছে। আমরা এসব দুর্নীতি সহ্য করবো না। 

তিনি আরও বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন প্রশাসকের সঙ্গে অনেক বার কথা হয়েছে। সামনের দিনগুলোতে যাতে সাধারণ মানুষের দুর্ভোগ না হয়, সে বিষয়টিকে প্রাধান্য দেবেন তিনি। এছাড়া সড়ক নির্মাণ হলে ও বর্ষা মৌসুম এলেই অন্য সংস্থাগুলো খোঁড়াখুঁড়িতে ব্যস্ত হয়ে পড়ে। সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগের মতো কোনোভাবেই সাধারণ মানুষের দুর্ভোগ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, মহানগর সদস্য মো. সালাম সরকার, তুরাগ থানা আহ্বায়ক হারুনুর রশিদ খোকাসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত