ভারতের হামলা যুদ্ধ ঘোষণার পদক্ষেপ: পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট : ০৭ মে ২০২৫, ১২:০২ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতীয় বিমান বাহিনীর হামলাকে সরাসরি ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে আখ্যা দিয়েছেন এবং এর জবাবে শক্ত প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন।

এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বার্তায় প্রধানমন্ত্রী শরিফ লিখেছেন, ‘ভারত আমাদের ওপর এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে, আর তার জবাব দেওয়ার পূর্ণ অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তানের জনগণ ও সশস্ত্র বাহিনী শত্রুর মোকাবিলা কীভাবে করতে হয়, তা ভালো করেই জানে। আমরা কখনোই শত্রুর অপকৌশল সফল হতে দেব না।’

তিনি আরও বলেন, এই হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত, এবং এর যথাযথ জবাব দেওয়া হবে।

এই বক্তব্য এমন সময় এল, যখন ভারত গতকাল মঙ্গলবার ভোরে পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে বিমান হামলা চালায়, যার নাম দেওয়া হয়েছে ‘অপারেশন সিঁদুর’। 

ভারত দাবি করেছে, এই হামলা ২২ এপ্রিল কাশ্মীরের পাহেলগামে ২৬ জন পর্যটকের মৃত্যুর প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে।

শেহবাজ শরিফের এই প্রতিক্রিয়া দ্বিপাক্ষিক উত্তেজনাকে আরও ঘনীভূত করেছে। আন্তর্জাতিক সম্প্রদায় ইতোমধ্যে পরিস্থিতি শান্ত করতে উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত