স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২৫, ০৪:৩৩ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে সুনিয়া আক্তার (২০) নামে এক গৃহবধূকে হত্যার পর ফাঁসিতে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। বুধবার (৭ মে) সকালে নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। 

নিহত স্ত্রী সুনিয়া আক্তার কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার শরীফ আহম্মেদের স্ত্রী । 

এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত পাঁচ বছর আগে প্রেমের সম্পর্কের জেরে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া দক্ষিণপাড়া এলাকার মৃত আব্দুস সামাদ মিয়ার ছেলে শরীফের সঙ্গে ভোলার সদর উপজেলার রামদাসপুর কান্দি এলাকার মোশারফ মৃধার মেয়ে সুনিয়ার বিয়ে হয়। তাদের সংসার জীবনে সিয়াম হোসেন নামে তিন বছরের এক সন্তান রয়েছে। কিন্তু বিভিন্ন সময় নেশাগ্রস্থ হয়ে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন তার স্বামী। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ দরবারও হয়েছিল। গত সোমবার সকালে সুনিয়াকে মারধর করে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যার প্ররোচনা দেন তার স্বামী শরীফ। পরের দিন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সুনিয়া খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। কিন্তু রাত সাড়ে ১০টার দিকে মাকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করে উঠে তাদের সন্তান সিয়াম। পরে আশপাশের লোকজন গিয়ে ঘরের সাথির সঙ্গে ওড়না পেছানো অবস্থা থেকে তার লাশ নিচে নামানো হয়। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করে পুলিশ। নিহতের স্বজনদের দাবি, শরীফ তার স্ত্রীকে হত্যার পর তাকে ফাঁসিতে ঝুলিয়ে রেখে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে।  

এ ঘটনায় সুনিয়ার বাবা মোশারফ মৃধা বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। 

এব্যাপারে কালিয়াকৈর থানার ফুলবাড়িয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মিজানুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদনের পর বলা যাবে এটা আত্মহত্যা নাকি হত্যা?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত