হিলির বাজারে আগেভাগেই আগাম জাতের লিচু

আপডেট : ০৭ মে ২০২৫, ০৫:৪৬ পিএম

টসটসে রসালো ফল লিচু পরিপূর্ণ আকারে বাজারে আসতে আরও কিছুদিন সময় লাগলেও দিনাজপুরের হিলিতে আগেভাগেই উঠতে শুরু করেছে। প্রতি ১০০ লিচু বিক্রি হচ্ছে ২৫০ টাকা থেকে ২৭০ টাকায়। বছরের নতুন ফল হওয়ায় সবার দৃষ্টি লিচুর দিকে। অনেকেই স্বাদ নিতে এসব লিচু কিনলেও লিচু অপরিপক্ক জানিয়ে না খাওয়ার পরামর্শ কৃষি বিভাগের।

আজ বুধবার হিলি বাজারের পুরাতন সোনালি ব্যাংক মোড়ে মৌসুমি ফল লিচুর পসরা সাজিয়ে বসেছেন এক দোকানী। ডালিতে থরে থরে সাজানো লিচু। চলতি মৌসুমে প্রথম এই রসালো ফল লিচু দেখতে যেমন অনেকে ভিড় করছেন, তেমনি কেউ কেউ কিনছেন স্বাদ নিতে। তবে বাড়তি দাম ও পরিপূর্ণ না হওয়ায় কেউ কেউ না কিনে ফিরে যাচ্ছেন।

লিচু কিনতে আসা রাব্বি হোসেন বলেন, হিলি বাজারে এসেছিলাম কাঁচাবাজার করতে। বাজার শেষে ফেরার পথে চোখে পড়ল লিচু। এ মৌসুমে আজকেই প্রথম দেখলাম লিচু বাজারে উঠেছে। তাই দাঁড়িয়ে গেলাম কেনার আগ্রহে। একটি খেয়ে দেখলাম এখনও টক। তারপরও শখ করে কিনলাম।

বাজারে আসা আব্দুল খালেক বলেন, আজকেই প্রথম বাজারে লিচু চোখে পড়ল। যেহেতু লিচু এখনও পরিপক্ক হয়নি, আবার মিষ্টিও তেমন নয়, সে কারণে কেনা হয়নি। কিছুদিন যাক, বাজারে পরিপক্ক লিচু যখন আসবে তখন কিনব।

লিচু বিক্রেতা নিরব হোসেন বলেন, প্রতিবছরই মৌসুমের শুরুতেই সবার আগে বাজারে লিচু আনার চেষ্টা করি। কারণ ওই সময়ে দামটা যেমন ভালো থাকে তেমনই নিয়ে আসার সঙ্গে সঙ্গে বিক্রি হয়। এতে করে লোকসানের আশঙ্কা থাকে না, লাভ বেশ ভালোই হয়।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, পরিপক্ব লিচু বাজারে আসতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। তবে এখনই বাজারে যে সব লিচু পাওয়া যাচ্ছে সেগুলো আগাম জাতের, কিছুটা অপরিপক্ক। আমরা বাগান মালিকদের প্রতিনিয়ত পরামর্শ দিই কোনও ফল পরিপক্ক হলেই তারা বাগান থেকে যেন নামান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত