ট্রেবলের স্বপ্ন ছিল, ছিল দশ বছরের অপেক্ষার পর ইউরোপ সেরার মুকুট আবার ঘরে তোলার লক্ষ্য। কিন্তু সব পরিকল্পনাই ভেস্তে গেল এক রাতে। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হার মানতেই (দুই লেগ মিলিয়ে ৭-৬) থেমে গেল বার্সেলোনার পথচলা। ভাঙা হৃদয়ে মাঠ ছেড়েছেন কাতালানদের তিন মূল তারকা—লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডফস্কি ও রাফিনহা।
এই তিনজনই চলতি মৌসুমে ব্যালন ডি’অর প্রতিযোগিতায় আলোচনায় ছিলেন। এমন অবস্থায় সেমিফাইনালে এমন বিদায় তাঁদের জন্য এক বিশাল মানসিক ধাক্কা। ম্যাচ শেষে চোখের জলে ভেসেছেন তাঁরা, কেউ মাঠেই বসে পড়েছেন হতাশায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি ব্যক্ত করেছেন তিনজনই।
ইয়ামাল ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেছেন—মাঠে ভেঙে পড়া এক যোদ্ধা। ক্যাপশনে লিখেছেন, "আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি। দুর্ভাগ্যবশত, এবার পারলাম না। কিন্তু আমরা ফিরে আসব, এটা নিশ্চিত। আমরা বার্সেলোনাকে তার প্রাপ্য জায়গায় ফেরাতে প্রতিজ্ঞাবদ্ধ। আমি কথা দিচ্ছি—এই ট্রফি ফিরিয়ে আনব। তবে এর আগে সামনে আরেকটি চ্যালেঞ্জ—রোববার এল ক্লাসিকোতে নামছি আমরা। আমাদের এখন এক থাকতে হবে। বার্সা চিরজীবী হোক।"
রবার্ট লেভানডফস্কি ম্যাচের কিছু মুহূর্ত ও সমর্থকদের সঙ্গে তোলা ছবি পোস্ট করে লিখেছেন, "আমরা পুরোটা উজাড় করে দিয়েছি, জয়ের খুব কাছাকাছি পৌঁছেছিলাম। এই যাত্রায় আমি গর্বিত। সমর্থকদের প্রতি কৃতজ্ঞ। আমরা আরও চেষ্টা করব, আরও এগোব। একসঙ্গে।"
রাফিনহা আরও আবেগী। কান্নার ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "আমরা ফিরব আরও শক্তিশালী হয়ে। এই দলের জন্য, এই জার্সির জন্য আমার গর্ব প্রতিদিন বাড়ছে। ধন্যবাদ বার্সা সমর্থকদের, এখনও আমরা একসঙ্গে আছি। এই মৌসুম শেষ হয়নি। বার্সা দীর্ঘজীবী হোক।"
চ্যাম্পিয়নস লিগ হাতছাড়া হলেও লা লিগার শিরোপা এখনও হাতের নাগালে।
ইন্তার-বার্সা 'পাগলামি' সেমিফাইনালকে রাখবেন কতো নম্বর স্থানে