বুধবার টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা এবার ধুয়ে দিয়েছেন দেশের ক্রিকেট সাংবাদিক এবং ধারাভাষ্যকারদের। এখনকার সাংবাদিকতা মূলত ‘ভিউ’ ও ‘লাইকের’ পেছনে ছুটছে, ক্রিকেটের কৌশলগত আলোচনা ও বিশ্লেষণ প্রায় হারিয়ে গেছে উল্লেখ করে এর তীব্র সমালোচনা করেন রোহিত।
এক সাক্ষাৎকারে সাংবাদিক বিমল কুমারকে রোহিত বলেন, ‘আপনারা এখন মূল খবরকে পাশ কাটিয়ে কনট্রোভার্সি (বিতর্ক) তৈরি করতে ব্যস্ত। সাংবাদিকতার মান অনেক নেমে গেছে। আগে ক্রিকেট নিয়ে আলোচনা হতো, এখন শুধুই ভিউ-লাইক আর বেশি করে পাঠক আকৃষ্টের জন্য কাজ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘খেলা চলাকালে টিভিতে ধারাভাষ্য শুনুন, এখন তারাও খেলার গভীরে যান না। খেলার কৌশল, বিশ্লেষণ — এসবের ওপর কোনো আলোচনা হয় না।’
রোহিতের এই মন্তব্যে ভারতে ধারাভাষ্যের মান নিয়ে পুরনো উদ্বেগ আবার সামনে চলে এসেছে। ভারতের বর্তমান সময়ের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলিও অতীতে ধারাভাষ্য এবং সাংবাদিকতার মান নিয়ে সমালোচনা করেছেন। একটি বিষয়ে রোহিত একমত প্রকাশ করেন যে, যখন দল খারাপ খেলেছে, তখন সমালোচনা হওয়া উচিত। তিনি বলেন, ‘হ্যাঁ, কখনো কখনো আমরা ভালো খেলিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে আমরা খারাপ খেলেছিলাম, সমালোচনা হওয়া উচিত ছিল। তবে সমালোচনারও একটা ধরণ থাকা উচিত। এখানে অনেক সময় এজেন্ডা ভিত্তিক সমালোচনা হয়, যা মোটেও কাম্য নয়।’ রোহিত অভিযোগ তোলেন, সম্প্রচারকারীরা একটি নির্দিষ্ট তারকা ক্রিকেটারের ব্যক্তিগত জীবন নিয়েই বেশি মাতামাতি করে, যার ফলে ক্রিকেটের সৌন্দর্যকে অবজ্ঞা করা হয়।
৩৮ বছর বয়সী রোহিত শর্মা ৬৭টি টেস্ট খেলেছেন যার মধ্যে ২৪টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন। টেস্ট থেকে বিদায়ের পর রোহিতকে আগামী রবিবার, আহমেদাবাদে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে পাঞ্জাব কিংসের বিপক্ষে আইপিএলে খেলতে দেখা যাবে। এই ম্যাচটি মূলত ধর্মশালায় হওয়ার কথা থাকলেও ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ হওয়ায় স্থানান্তর করা হয়েছে।
স্টেডিয়ামের পাশে ভারতীয় ড্রোন হামলা, রাওয়ালপিন্ডিতে নাহিদদের ম্যাচ স্থগিত
৬ রানের আক্ষেপ নিয়ে সিরিজ জিতলেন তামিম ও তার দল