সারজিস আলম

সাবেক রাষ্ট্রপতির দেশ ছেড়ে যাওয়া সরকারের বড় ব্যর্থতা

আপডেট : ০৮ মে ২০২৫, ০৭:০০ পিএম

জনগণের রায় ছাড়া মানবিক করিডোর নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ বৃহস্পতিবার বিকেলে তার নিজ জেলা পঞ্চগড়ের আটোয়ারীর বারো আউলিয়ার মাজারে ওরশ উপলক্ষে মেলা পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক জায়গায় অবহেলা করছে। পার্বত্য চট্টগ্রামের মতো জায়গায় করিডোর দেওয়ার পূর্বে এদেশের জনগণ ও রাজনৈতিক দলের রায় লাগবে। এর পূর্বে অনেক জায়গায় আমরা দেখেছি করিডোরের নাম করে বিদেশি এজেন্ট এসেছে। বিভিন্ন দেশ ঢুকেছে। গোয়েন্দা সংস্থার সদস্যরা ঢুকেছে। এই সুযোগ আমরা বাংলাদেশের হতে দেব না। এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরকার একা নিতে পারে না।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার অথবা ড. মুহম্মদ ইউনূসকে এটা ভুলে গেলে চলবে না হাজারও শহীদের রক্তের ওপর এই সরকার দাঁড়িয়ে আছে। এই সরকার এখন পর্যন্ত একটা হত্যা মামলার বিচার করতে পারেনি। এখন পর্যন্ত একটা মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে পারেনি। এগুলো না করার পূর্বে নির্বাচনের কথা বললে শহীদের রক্তের সঙ্গে বেইমানি করা হবে। নির্বাচনের সময় সীমা নিয়ে আমাদের কোনও আপত্তি নেই। আমরা শুধু মৌলিক সংস্কার চাই।

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ দেশ ছাড়ার প্রসঙ্গে তিনি বলেন, আবদুল হামিদ পালাননি, তাকে পালাতে দেওয়া হয়েছে। নয় মাস পরে উনি কিভাবে দেশ ছেড়ে যান। এটা এই সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। এর জন্য সরকারের প্রধান উপদেষ্টা ও ড. আফিস নজরুলকে জবাবদিহি করা উচিত। আওয়ামী লীগের যে কয়েকজন সুবিধাভোগী বাংলাদেশে ছিল তার মধ্যে তিনি একজন। ক্ষমতার অপব্যবহার করে তিনি যা যা করেছেন তার অনেক উদাহরণ রয়েছে।

ভারত-পাকিস্তান ইস্যুতে সারজিস বলেন, আমাদের প্রতিবেশী দুই দেশ যুদ্ধে জড়ালে তৃতীয় দেশ হিসেবে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ। আমরা কখনও চাই না প্রতিবেশী দুই দেশে যুদ্ধ লাগুক। আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের ফ্যাসিস্ট সরকারবিরোধী শক্তিদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত