রাতে ঘর থেকে বের হন স্বেচ্ছাসেবক দল নেতা, সকালে ফিরলেন লাশ হয়ে

আপডেট : ০৯ মে ২০২৫, ০১:১০ পিএম

নড়াইলের লোহাগড়ায় বিলের মধ্য থেকে সালমান খন্দকার (২৬) নামের এক যুকবের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নোয়গ্রাম ইউনিয়নের কাওলডাঙ্গা বিল থেকে মৃতদেহটি উদ্ধার করে পুলিশ। নিহত সালমান নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী ছিলেন।

পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে সালমান বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত তার বন্ধুরদের সঙ্গে রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে পিকনিক করেন। পিকনিক শেষে শামুকখোলা বাড়িতে এসে কিছুসময় পর পুনরায় বেরিয়ে যান। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

শুক্রবার সকালে কাওলডাঙ্গা বিলের মধ্যে একটি ইট ভাটার পাশে মৃতদেহটি দেখতে পান চাষিরা। পরে বিষয়টি এলাকায় জানাজানি হলে নিহতের পরিবারের সদস্যরা এসে মৃতদেহ সনাক্ত করেন। পরে পুলিশকে খবর দেওয়ার পর ঘটনাস্থলে এসে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। প্রত্যদর্শীরা জানান, নিহতের শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে।

নিহতের ভাই রিহান খন্দকার জানান, তার ভাই লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটুর সঙ্গে চলাফেরা করেন। সালমান ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত। সম্প্রতি লোহাগড়া থানায় একটি নাশকতা মামলা হয়েছে। মামলায় এলাকার আওয়ামী লীগের কয়েকজনকে আসামি করা হয়েছে। তারা সালমানকে দায়ী করে তাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। হয়তো তারাই ভাইকে হত্যা করতে পারে।

লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু বলেন, নিহত সালমান নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের একজন কর্মী। সালমানে হত্যাকাণ্ড আমাদের ব্যথিত করেছে। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

লোহাগড়া থানা পুলিশের ওসি আশিকুর রহমান জানান, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর কারণ উদঘাটনসহ জড়িতদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত