আওয়ামী লীগ নিষিদ্ধে ৪৮ ঘণ্টা সময় দিলেন মঞ্জু

আপডেট : ০৯ মে ২০২৫, ০৫:৫৬ পিএম

সর্বদলীয় সভা ডেকে ৪৮ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য সরকারকে সময় বেঁধে দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু। শুক্রবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের পাশের রাস্তায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত গণসমাবেশে সংহতি জানিয়ে তিনি এ দাবি জানান।

বক্তব্যে বিগত সরকারের আমলে গুম-খুন-অর্থপাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন মঞ্জু। 

তিনি বলেন, আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট করে বলতে চাই, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সর্বদলীয় সভা ডেকে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংস্কৃতিকসহ সর্বাত্মকভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ যারা আওয়ামী লীগের ব্যাপারে এতদিন নমনীয় ছিলেন তারাও গতকাল থেকে ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন। আমাদের দাবি আওয়ামী লীগের প্রতিটি অপরাধের বিচার করতে হবে।

মঞ্জু বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের আবারও রাস্তায় নামতে হয়েছে যা অত্যন্ত দুঃখজনক। আবার রোদের মধ্যে ঘাম ঝরিয়ে আমাদের এই দাবি জানাতে হচ্ছে। যারা আমার ভাইকে খুন করেছে, গুম করেছে, যে আমার বোনকে ধর্ষণ করেছে, যে আমার অধিকার হরণ করেছে দিনের পর দিন আমাকে ভোট দিতে দেয়নি, যে আমার দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে বসবাস করছে তাদের রাজনীতি বাংলাদেশে চলবে না।

তিনি বলেন, তারা বিগত ১৬ বছর ধরে হাজার হাজার মানুষকে খুন করেছে। আমাদের তিনটি নির্বাচনে ভোট দিতে দেয়নি। ভোট ডাকাতি করেছে। আওয়ামী লীগ যদি তাদের ভোটাধিকার ফেরত চায় তাহলে আমাদের ১৮ ও ১৪ সালের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ যদি বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারের কথা বলে তাহলে তাদের আমার প্রিয় ভাই আবু সাঈদ ও মুগ্ধকে ফিরিয়ে দিতে হবে। সন্তানহারা মায়ের প্রতিবাদের অশ্রুর জবাব তাদের দিতে হবে।

৮ মে রাত থেকে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকেও এনসিপির নেতাকর্মীদের যমুনার প্রধান ফটকের সামনে বিক্ষোভ করতে দেখা যায়। তারা আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত