সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন ডা. জোবাইদা রহমান।
আজ শনিবার (১০ মে) রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন তিনি।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর কবরে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত করেন ডা. জোবাইদা রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।
বনানী কবরস্থানে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ প্রমুখ।
প্রসঙ্গত, ঢাকায় ডা. জোবাইদা রহমানের নিরাপত্তার বিষয়টি সার্বিকভাবে তদারকি করছেন ব্রিগেডিয়ার জেনারেল ড. এ কে এম শামছুল ইসলাম (অব.)। সিএসএফ সদস্যদের (বিএনপি চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স) মাধ্যমেই মূলত নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অন্যান্য সংস্থার সঙ্গে নিরাপত্তার বিষয়টি সমন্বয় করছেন সাবেক এই সেনা কর্মকর্তা।
