আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদবিরোধী সব শক্তি আজ একাট্টা বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে বলে মনে করেন তিনি। শনিবার রাত ১০টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি এ কথা জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান লিখেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তি আজ একাট্টা। ইনশাআল্লাহ, এ দাবি আদায় করেই জনতা ঘরে ফিরবে। কোনো কূটকৌশল এ দাবি থেকে জনতাকে ফিরিয়ে রাখতে পারবে না।
আন্দোলনকামী জনতার ইস্পাত কঠিন এই ঐক্য শুধু ফ্যাসিবাদী আওয়ামী লীগকে নিষিদ্ধই নয়, আগামী দিনের প্রত্যাশার বাংলাদেশ গঠনে মাইল ফলক হয়ে থাকবে।
অভিনন্দন! যারা সকল প্রতিকূলতা উপেক্ষা করে আজকে ঐক্যের এ বন্ধনে সম্পৃক্ত হয়েছেন। অভিনন্দন! হে বিপ্লবী জনতা।
এদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান নিয়েছে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) রাত পৌনে ৯টার পর তারা এ অবস্থান নেয়। আওয়ামী লীগকে নিষিদ্ধের ঘোষণা না এলে রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তারা।
