ববি উপাচার্যের পদত্যাগের দাবি জানিয়ে ৪৫ শিক্ষকের বিবৃতি

আপডেট : ১০ মে ২০২৫, ১১:৩১ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে একাত্মতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ৪৬ জন শিক্ষক।

শনিবার (১০ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তারা বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার জন্য উপাচার্যের প্রশাসনিক অদক্ষতা ও ব্যর্থতাকে সরাসরি দায়ী করেন।

বিবৃতিতে বলা হয়, গত অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সংকট, নিয়মবহির্ভূত নিয়োগ, একাডেমিক স্থবিরতা, গোপন সিন্ডিকেট সভা এবং বরাদ্দকৃত অর্থে খরচ না করাসহ নানা সংকট তৈরি হয়েছে। উপাচার্য নিয়মিত ক্যাম্পাসে না থেকে ঢাকায় অবস্থান করায় প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে বলেও উল্লেখ করা হয়। তারা অভিযোগ করেন, অবৈধ নিয়োগপ্রাপ্তদের বেতন ভাতা একক স্বাক্ষরে প্রদান, শিক্ষক পদোন্নতি আটকে রাখা এবং শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে মামলা ও হয়রানির মাধ্যমে পরিস্থিতি আরও জটিল করা হয়েছে। 
 

বিবৃতির শেষাংশে তারা বলেন, ‘আমরা বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংসের পথ থেকে ফিরিয়ে আনতে উপাচার্যকে অবিলম্বে অপসারণ এবং বিশ্ববিদ্যালয়ে স্বচ্ছ, জবাবদিহিমূলক প্রশাসনিক পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আমরা সরকারের উচ্চমহলের দৃষ্টি আকর্ষণ করছি  যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণ করা হোক।’

উল্লেখ্য,গত ১৭ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনে স্বৈরাচারের পুর্নবাসন ও জুলাই আন্দোলনের পক্ষে অবস্থানকারীদের হয়রানির অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের ২৬তম দিনের মাথায় উপাচার্য পদত্যাগের এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ৪৫ শিক্ষক, শিক্ষার্থীদের  উপাচার্যের পদত্যাগের  দাবির সাথে একাত্মতা প্রকাশ করে ৪৫ জন শিক্ষক বিবৃতি দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত