প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা, বাংলাদেশ সচিবালয় এবং আশপাশের এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে ফের গণবিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সভা-সমাবেশ ঘিরে এর আগেও নিষেধাজ্ঞা দিয়েছিল ডিএমপি। সেই নিষেধাজ্ঞা না তুলেই ফের নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে এত দিন শাহবাগও এই নিষেধাজ্ঞার আওতায় ছিল কিন্তু এখন শাহবাগকে বাদ দিয়ে নতুন করে গণবিজ্ঞপ্তি দেয় ডিএমপি।
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত যমুনার সামনে বিক্ষোভ, সমাবেশ এবং এরপর থেকে শাহবাগে টানা অবরোধ চলার মধ্যে গতকাল শনিবার ডিএমপির এ নির্দেশনা দেয়। এতে বলা হয়েছে, ‘জনশৃঙ্খলা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা রক্ষার স্বার্থে’ শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।’
‘বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড়, মিন্টো রোড) যেকোনো প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল ও শোভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো।’
পেশাজীবীসহ বিভিন্ন সংগঠনের আন্দোলনের মধ্যে সচিবালয় ঘেরাও বা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে মিছিলের মত কর্মসূচি সামাল দিতে এর আগে গত ১৩ মার্চ এক গণবিজ্ঞপ্তিতে একই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ওই সময়ও বলা হয়েছিল, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। তবে সেটি তুলে নেওয়া হয়েছিল কি না সে ব্যাপারে কোনো গণবিজ্ঞপ্তি আসেনি।
