হিলিতে কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে দুই কিশোর

আপডেট : ১২ মে ২০২৫, ০৭:০৫ পিএম

দিনাজপুরের হিলিতে রাস্তায় কুড়িয়ে পাওয়া এক খুদ্র ব্যবসায়ীর ৪৯ হাজার ৫০০ টাকা ফেরত দিয়ে প্রশংসায় ভাসছে দুই কিশোর। টাকা ফেরত পেয়ে দুই কিশোরকে পুরস্কৃত করেছেন ওই ব্যবসায়ী।

আজ সোমবার বিকেলে হিলির গোরস্তান রোডস্থ রিনা মোটরর্স পার্টসের দোকানে টাকার প্রকৃত মালিক শফিকুল ইসলামের কাছে টাকাগুলি তুলে দেয় কিশোর তানভির ও রোহান। এ সময় সেখানে অন্যরা উপস্থিত ছিলেন।

টাকা কুড়িয়ে পাওয়া কিশোর তানভীর ও রোহান বলেন, আমরা রিকশায় চড়ে বাজারের দিকে যাচ্ছিলাম। এ সময় শান্তিমোড়ে সড়কের ওপর পড়ে থাকা অবস্থায় টাকাগুলো কুড়িয়ে পাই। মালিককে খুঁজে বের করতে আমরা মাইকিংয়ের উদ্যোগ নিই। পরে মোটর পার্টসের দোকানে কর্মরত আমার বড় ভাইকে জানালে তিনি তার মালিককে জানায়। এরপর তাদের মাধ্যমে ফেসবুকে টাকা পাওয়ার বিষয়টি সম্পর্কে একটি পোস্ট দেওয়া হয়। মালিককে আজ পাওয়া গেলে তার হাতে টাকাগুলি তুলে দেওয়া হয়েছে।

টাকার মালিক শফিকুল ইসলাম বলেন, টাকা হারিয়ে সেই টাকা আবার ফিরে পাব আশা করিনি। আমার খুব কষ্টের টাকা ছিল, যার কারণে হয়তো আল্লাহপাক মুখ তুলে তাকিয়েছেন। দুই কিশোরকে ধন্যবাদ জানাচ্ছি।

রিনা মোটরর্সের সত্ত্বাধিকারী মামুনুর রশীদ বলেন, টাকা পেয়ে ফেরত দেওয়ায় দুই কিশোরকে পুরস্কৃত করা হয়েছে। সচরাচর তো এমন দৃশ্য দেখা যায় না। এ থেকে অনেক কিছু শেখার রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত