আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস অব ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) পক্ষ থেকে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তিন পার্বত্য জেলা নিয়ে স্বায়ত্তশাসিত অঞ্চলের প্রস্তাবের বিরোধিতা ও সংগঠনটি নিষিদ্ধের দাবিতে রাঙ্গামাটিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গতকাল সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাঙ্গামাটি পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বনরূপায় সমাবেশে মিলিত হয় সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী। পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো. আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের (পিসিএনপি) কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মজিবর রহমান।
