সিরিজ জয়ের প্রত্যয়ে আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়লেন ১০ বাংলাদেশি ক্রিকেটার

আপডেট : ১৪ মে ২০২৫, ০৬:৩২ পিএম

দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছেন বাংলাদেশের জাতীয় দলের প্রথম ধাপের ১০ ক্রিকেটার। লাল-সবুজের প্রতিনিধিরা এবারও দেশকে গর্বিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।

সিরিজকে সামনে রেখে বুধবার সকালে প্রথমে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। শারজাহর কন্ডিশন ভীষণ চেনা জাকেরের। পাকিস্তান সিরিজের আগে আমিরাত মিশনে ভালো কিছু করতে চান তরুণ এই কিপার।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে একসঙ্গে রওনা হয়ে বিমানবন্দরে পৌঁছেছেন জাতীয় দলের আরও সাত ক্রিকেটার— হাসান মাহমুদ, শামীম হোসেন পাটোয়ারি, রিশাদ হোসেন, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন ও শেখ মেহেদী হাসান।

বিদায়ের মুহূর্তে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পেসার হাসান মাহমুদ জানালেন দৃঢ় বিশ্বাসের কথা, 'আল্লাহর উপর ভরসা আছে, ইনশাআল্লাহ সিরিজ জিতে ফিরব।'

বাকি ক্রিকেটাররা ও অধিনায়ক লিটন দাসদেশ ছাড়বেন বুধবার সন্ধ্যায়। লিটনের নেতৃত্বে নতুনভাবে সাজানো এই টি-টোয়েন্টি স্কোয়াডে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন শেখ মেহেদী হাসান।

আগামী ১৭ মে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। দ্বিতীয় ও শেষ ম্যাচটি মাঠে গড়াবে ১৯ মে। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে।

এই সিরিজের পর বাংলাদেশ দলের পাকিস্তান সফরের সূচি রয়েছে। যদিও ভারতের সঙ্গে উত্তেজনাকর পরিস্থিতির কারণে দেশটির ঘরোয়া আসর পিএসএলের ফাইনাল পিছিয়ে পড়ায়, বাংলাদেশ-পাকিস্তান সিরিজটি অনিশ্চয়তায় পড়েছে। আগামী ২৫ মে সিরিজ শুরুর কথা থাকলেও, সেটা পিছিয়েছে দুই দিন। ২৭ মে থেকে শুরু হচ্ছে সিরিজটি।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই প্রস্তুতিমূলক সিরিজটি তাই কেবল জয়ের জন্যই নয়, বরং সামনে কঠিন মিশনের জন্য আত্মবিশ্বাস গড়ার উপলক্ষ হিসেবেও দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত