অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, “আপনাদের অনুরোধ করব—মানুষের ভাষা বোঝার চেষ্টা করুন। দেশের মানুষ এখন নির্বাচন চায়। দ্রুত নির্বাচন আয়োজনের ব্যবস্থা করুন। আর আওয়ামী লীগের যেসব দোসর নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের চিহ্নিত করুন।”
আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ও রাষ্ট্রীয় কাঠামো মেরামত’ শীর্ষক আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ফারুক বলেন, “আপনার বিরুদ্ধে আমরা আন্দোলনে নামব কেন? আপনাকে তো আমরাই সরকারে এনেছি। সরকারের কাছে আমাদেরও অনেক দাবি রয়েছে। কিন্তু সে জন্য তো আমরা রাজপথে নামি না।”
তিনি বলেন, “বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া—যার বিদেশে কোনো সম্পদ নেই, যিনি স্বামী হারানোর পর গণতন্ত্র উদ্ধারে রাজপথে নেমেছেন—সেই নেত্রীও আওয়ামী লীগের গুন্ডাবাহিনীর হামলা থেকে রেহাই পাননি। হাসিনা বিদায় নিয়েছেন, কিন্তু তার প্রেতাত্মারা এখনো থেকে গেছে।”
সরকারের উদ্দেশে তিনি বলেন, “হাজারো আয়না ঘর বানানো হলো। কিন্তু যারা এসব আয়না ঘর তৈরি করল, তারা কি এখনো সরকারের সঙ্গে আছে? অবশ্যই আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে। অনেকে বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত নয়। অথচ বহু আগেই বিএনপি বলেছে—আইনের আওতায় এনে আওয়ামী লীগের বিচার করতে হবে।”
ফারুক আরও বলেন, “গত ১৬ বছর যারা আন্দোলন করেছেন, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের দাবি একটাই—সুষ্ঠু নির্বাচন। বিএনপিকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়, বরং জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই নির্বাচন দরকার। এ কারণেই দীর্ঘ ১৬ বছর ধরে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা সাম্য হত্যার প্রসঙ্গে তিনি বলেন, “ঢাকা মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোহরাওয়ার্দী উদ্যানেই চলছে মদ, জুয়া, অসামাজিক কর্মকাণ্ড ও ছিনতাইকারীদের আড্ডা। এসব কি কারও চোখে পড়ে না? আমাদের এক ছাত্রনেতাকে হত্যা করা হয়েছে। একটি তদন্ত কমিটি হবে, এরপর আর কিছুই হবে না।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ডা. এ বি সিদ্দিক হাওলাদার। সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামান, জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব কাজী মনিরুজ্জামান মনিরসহ আরও অনেকে।
বৃষ্টি বিঘ্নিত দিনে ৩ ঘণ্টা দেরিতে শুরু খেলা
জবি শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ ছত্রভঙ্গ করতে টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ