মাদারীপুরে পৃথক স্থানে বজ্রপাতে দুই শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) বিকালে সদর উপজেলার চরগোবিন্দপুর ও চরকুলপদ্বী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনার কয়রা উপজেলার কয়রা এলাকার মৃত মোবারক মোল্লার ছেলে কাজল মোল্লা (৪৫)। তিনি মাদারীপুর সদর সদর উপজেলার চরগোবিন্দপুর এলাকার একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। অপরজন হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার কালিগাও খাজড়া এলাকার মৃত এমাজ মোড়লের ছেলে হাফিজ মোড়ল (৫৫)। তিনি সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া এলাকায় ধানকাটার কাজে এসেছিলেন।
জানা গেছে, বিকাল ৪টার দিকে ব্যাপক ঝড়-বৃষ্টির সঙ্গে শুরু হয় বজ্রপাত। ঝড়-বৃষ্টি শুরু হলে চরগোবিন্দপুর এলাকার জেএসবি ইটভাটার কাঁচা ইট সংরক্ষণ করতে যান কাজল মোল্লা। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে ইটভাটার অন্য শ্রমিকরা আহত কাজলকে মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে একই সময়ে কুন্তিপাড়া এলাকায় শাজাহান শেখের ফসলি জমিতে ধান কাটার সময় বজ্রপাত হলে গুরতর আহত হন হাফিজ মোড়ল। পরে স্থানীয় লোকজন আহত অবস্থায় হাফিজকে মাদারীপুর জেলা হাসপাতালে নেওয়া হলে তাকেও কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে বিকাল ৪টা থেকে দুই ঘন্টার টানা বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় বেশ কয়েকটি স্থানে গাছ উপড়ে পড়ার খবর পাওয়া গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাছ উপড়ে পড়ায় বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি আদিল হোসেন বলেন, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়েছি। দুজনই শ্রমিক। তারা অন্য জেলা থেকে এখানে কাজের জন্য এসেছিলেন। এখানে তারা যে আয় করতো তা দিয়েই চলতো তাদের সংসার। নিহত দুজনের স্বজনদের কাছে খবর পাঠানো হয়েছে। লাশ দুটির ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
