দেশের সম্ভাবনাময় পর্যটন খাতের উন্নয়নের জন্য স্বতন্ত্র একটি মন্ত্রণালয় প্রয়োজন। সঠিক নীতিগত ও অবকাঠামো সহায়তা নিশ্চিত করতে পারলে জাতীয় জিডিপিতে পর্যটনের অবদান হতে পারে চতুর্থ বৃহত্তম। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ড. শাহাদাৎ হোসেন প্রধান অতিথি হিসেবে গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর পেনিনসুলা হোটেলে তিন দিনের আন্তর্জাতিক পর্যটন মেলা চিটাগং ট্রাভেল মার্ট-২০২৫ উদ্বোধনকালে এ কথা বলেন।
মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, চট্টগ্রাম ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম।
মেয়র তার বক্তব্যে জানান, চট্টগ্রাম অঞ্চলে বিভিন্ন আকর্ষণীয় পর্যটন পণ্য গড়ে তোলা এবং এর প্রচারে সিটি করপোরেশন কাজ করছে। তিনি এ লক্ষ্যে সবার সহযোগিতা কামনা করেন। চট্টগ্রামের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে তিনি চট্টগ্রাম বিমানবন্দরকে যুগোপযোগী করে গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি
