২২ ও ২৩ জুন কর্মবিরতি বিচারিক কর্মচারীদের

আপডেট : ১৭ মে ২০২৫, ০৪:১৮ এএম

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন ভাতা প্রদান এবং ব্লকপদ বিলুপ্ত করে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়নের দুই দফা দাবি পূরণ না হওয়ায় আগামী ২২ ও ২৩ জুন দেশের সব অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে অর্ধদিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন। গতকাল শুক্রবার রাজধানীর জনসন রোডের একটি রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেয় সংগঠনটি।

এর আগে একই দাবিতে গত ৫ মে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছিলেন বিচার বিভাগীয় কর্মচারীরা। তবে দাবি পূরণ না হওয়ায় আবারো কর্মবিরতির ডাক দিল আদালত সহায়ক কর্মচারীদের এ সংগঠনটি।

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মো. সালাউদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে রেজোয়ান খন্দকার বলেন, আগামী ২২ ও ২৩ জুন দুই দিন দেশের অধস্তন আদালত ও ট্রাইব্যুনালে অর্ধদিবস সর্বাত্মক কর্মবিরতি পালন করা হবে। এরপরেও দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচি পালন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত