মেডিকেল ও ডেন্টাল শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী, একাডেমিক ও সামাজিক সংগঠন মেডিসিন ক্লাবের ২৬তম কেন্দ্রীয় বার্ষিক সম্মেলন-২৫ গত ১৬ মে শুক্রবার ঢাকার মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
দীর্ঘ ৪৪ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠন দেশের ৩৮টি মেডিকেল ও ডেন্টাল কলেজে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। স্বেচ্ছায় রক্তদান, টিকাদান, জনসচেতনতা বৃদ্ধি, অসহায় রোগীদের সহায়তা ও স্বাস্থ্য খাতে তরুণ নেতৃত্ব গড়ে তোলার মাধ্যমে মেডিসিন ক্লাব একটি সুপরিচিত নাম হয়ে উঠেছে।
সম্মেলনের দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য উদ্বোধনী র্যালি, বেলুন ওড়ানোসহ বার্ষিক কার্যক্রম উপস্থাপনা, নতুন কেন্দ্রীয় কমিটির গঠন, সচেতনতামূলক আলোচনাসভা, কৃতজ্ঞতা সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ছিল : ‘রক্তের বন্ধনে বাঁধা শত প্রাণ, প্রজ্ঞার সাধনে হোক মানবতার জয় গান’ যা মেডিসিন ক্লাবের কার্যক্রমের সামাজিক প্রাসঙ্গিকতা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ ঘটায়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং মেডিসিন ক্লাব কেন্দ্রীয় পরিষদের উপদেষ্টা ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী। এ ছাড়াও উপস্থিত ছিলেন হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক (অব), ইউনিভার্সেল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. উত্তম কুমার পাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. একেএম খালেকুজ্জামান (দিপু), মেডিসিন ক্লাবের উপদেষ্টা ও ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আব্দুল হান্নান, উপদেষ্টা ডা. নাঈমুল হাকিম রুমি, ডা. গুলজার হোসেন উজ্জ্বলসহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কনসালট্যান্টরা, কেন্দ্রীয় ও ইউনিট পর্যায়ের মেডিসিন ক্লাব নেতৃবৃন্দ, মেডিকেল শিক্ষার্থী এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গ।
