নিউইয়র্ক শহরের ঐতিহাসিক ব্রুকলিন ব্রিজে ধাক্কা খেয়ে মেক্সিকান নৌবাহিনীর একটি প্রশিক্ষণ জাহাজে অন্তত ২২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। খবর: বিবিসি।
গতকাল শনিবার সন্ধ্যায় ‘কুয়াওতেমক’ নামের বিশাল পালতোলা জাহাজটি ব্রুকলিন ব্রিজের নিচ দিয়ে পার হওয়ার সময় এর সুউচ্চ মাস্ট ব্রিজে আঘাত হানে। ধাক্কার ফলে মাস্টের কিছু অংশ ভেঙে নিচে পড়ে যায়। তখন মাস্টে অবস্থানরত কয়েকজন নাবিক মারাত্মকভাবে আহত হন।
জাহাজটিতে তখন দুই শতাধিক যাত্রী ছিলেন। এটি এক সৌহার্দ্য সফরে নিউইয়র্কে এসেছিল।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস জানান, সৌভাগ্যক্রমে কেউ পানিতে পড়ে যাননি এবং ব্রুকলিন ব্রিজও অক্ষত রয়েছে। নিউইয়র্ক কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাজটির দুটি মাস্টের শীর্ষাংশ ভেঙে গেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে এবং জাহাজে অবস্থানরত সবাই নিরাপদে রয়েছেন।
মেক্সিকান নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জাহাজটি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কীভাবে এ দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করে দেখা হচ্ছে।
নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান অপারেশন কর্মকর্তা ধারণা করছেন, যান্ত্রিক ত্রুটি ও বিদ্যুৎ বিভ্রাটের সম্মিলিত কারণেই জাহাজটি ব্রিজের একটি স্তম্ভে ধাক্কা খেয়েছে।
মেক্সিকান নৌবাহিনী জানিয়েছে, দুর্ঘটনায় ২২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন গুরুতর। তবে নিউইয়র্কের মেয়রের দেওয়া তথ্য অনুযায়ী গুরুতর আহতের সংখ্যা চারজন।
দুর্ঘটনার সময় বহু মানুষ নদীতীরবর্তী এলাকা থেকে জাহাজটি পর্যবেক্ষণ করছিলেন। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উপস্থিত জনতা দ্রুত সরে যায়।
এ ঘটনার পর নিউইয়র্ক পুলিশ নাগরিকদের ব্রুকলিন ব্রিজ, ম্যানহাটনের সাউথ স্ট্রিট সিপোর্ট এবং ব্রুকলিনের ডাম্বো এলাকায় না যেতে অনুরোধ জানিয়েছে। এক্স (সাবেক টুইটার)-এ পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় যানজট এবং জরুরি যানবাহনের উপস্থিতি বাড়বে।
মেক্সিকান নৌবাহিনীর তথ্যমতে, ‘কুয়াওতেমক’ নামের এই জাহাজটির দৈর্ঘ্য প্রায় ২৯৭ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। এটি প্রথম সমুদ্রে পাড়ি জমায় ১৯৮২ সালে। প্রতিবছর নৌবাহিনীর সামরিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শেষ পর্যায়ের প্রশিক্ষণের অংশ হিসেবে জাহাজটি সমুদ্রযাত্রায় অংশ নেয়।
এ বছর ৬ এপ্রিল জাহাজটি মেক্সিকোর আকাপুলকো বন্দর থেকে ২৭৭ জন সদস্যসহ যাত্রা শুরু করে। তাদের লক্ষ্য ছিল আইসল্যান্ড পৌঁছানো।
সৌদি পৌঁছেছেন ৪৯১০৩ হজযাত্রী, আরও একজনের মৃত্যু
বিইউবিটিতে সফলভাবে অনুষ্ঠিত এআই অলিম্পিয়াড ২০২৫-এর জাতীয় পর্ব