কালিহাতীতে ফার্ম কর্মচারীকে জবাই করে হত্যা

আপডেট : ১৮ মে ২০২৫, ০৪:৫৯ পিএম

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা-রামপুর সড়কের পাশে বলদকুড়া এলাকায় এক লেয়ার ফার্মের কর্মচারীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুক্রবার বা শনিবার রাতের কোনো এক সময় চুরির উদ্দেশ্যে ফার্মে প্রবেশ করে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এবং মরদেহ ফার্মের পেছনের একটি ড্রেনের মধ্যে ফেলে রেখে যায়। 

রবিবার (১৮ মে) সকালে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে ফার্ম মালিককে খবর দেন। পরে ফার্ম মালিক ঘটনাস্থলে এসে পুলিশে খবর দেন। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত আখতারুল হক ওরফে আখতার হোসেন (৪৫) দিনাজপুর জেলার চিরিরবন্দর এলাকার নুর ইসলামের ছেলে। 

ফার্ম মালিক মোরশেদ আলম জানান, প্রায় ১০ মাস আগে এক পরিচিত ব্যক্তির মাধ্যমে আখতারুল হক তার ফার্মে কর্মচারী হিসেবে যোগ দেন। তিনি একাই ফার্মে থেকে কাজ করতেন। রবিবার সকালে তিনি খবর পান, ফার্মের পেছনে একটি মরদেহ পড়ে আছে। গিয়ে দেখেন সেটি তার কর্মচারী আখতারুলের। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, আখতারুল হককে জবাই করে হত্যা করা হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত