নির্বাচনে কারচুপির অভিযোগে এবার খুলনায় মামলার আবেদন

আপডেট : ১৮ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

খুলনা সিটি করপোরেশন (কেসিসি)  নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রায় দুই বছর পর নির্বাচনে অনিয়ম, কারচুপি ও হাতপাখার প্রার্থীর বিজয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে আদালতে মামলার আবেদন করা হয়েছে। রবিবার দুপুর ১২টায় হাতপাখার প্রার্থী ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা আব্দুল আউয়াল বাদী হয়ে খুলনার নির্বাচনী ট্রাইব্যুনাল এবং যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালতে এই মামলার আবেদন করেন। দলীয় নেতাকর্মীদের নিয়ে আদালতে হাজির হয়ে আব্দুল আউয়াল আবেদন জমা দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আজমল হোসেন জানান, ২০২৩ সালের ১২ জুন সর্বশেষ কেসিসি নির্বাচন অনুষ্ঠিত হয়। ঐ নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারচুপি করে হাতপাখার প্রার্থীকে পরাজিত ঘোষণা করা হয়। আমরা ওই ঘটনার প্রতিবাদে রবিবার আদালতে মামলার আবেদন করেছি।

আদালত মামলাটি আমলে নেবে নাকি তামাদি হবে- সে বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ মে দিন ধার্য করেছেন। আমরা নির্বাচনে কী কীভাবে কারচুপি হয়েছে সেই ভিডিও ফুটেজসহ ও বিভিন্ন প্রমাণ মামলার আবেদনের কপির সঙ্গে সংযুক্ত করেছি।

ইসলামী আন্দোলনে খুলনা মহানগর সভাপতি মাওলানা আমান উল্লাহ দাবি করেন, নির্বাচনে কারচুপি না হলে তাদের প্রার্থী বিজয়ী হতেন। সে কারণে তারা এই মামলার আবেদন করেছেন।
 
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি শেখ মোহা. নাসির উদ্দিন, সহ-সভাপতি আবু তাহের, সেক্রেটারি মুফতি ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা দ্বীন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, উক্ত নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখার প্রার্থী মাওলানা আব্দুল আউয়াল পেয়েছিলেন ৬০ হাজার ৬৪ ভোট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত