জব্দ লুটের টাকায় হবে কল্যাণ তহবিল: গভর্নর

আপডেট : ১৯ মে ২০২৫, ০৫:৫০ পিএম

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, যারা লুটপাটের মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছেন, তাদের সংযুক্ত ও অবরুদ্ধ করা টাকা এবং শেয়ার ব্যবস্থাপনায় একটি আলাদা তহবিল গঠন করছে সরকার। লুটপাটের কারণে ক্ষতিগ্রস্ত ব্যাংকগুলোকে ওই তহবিল থেকে টাকা দেওয়া হবে। এই টাকা আমানতকারীদের ফেরত দিতে পারবে ব্যাংকগুলো।

আজ সোমবার (১৯ মে) রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

গভর্নর বলেন, লুটেরাদের জব্দ টাকা ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা একটি তহবিল গঠনের কাজ চলছে। ইতিমধ্যে এসব অর্থ সরকারের নিয়ন্ত্রণে চলে এসেছে। এই তহবিল থেকে সংশ্লিষ্ট ব্যাংক ও আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার পাশাপাশি দরিদ্রদের উন্নয়নেও ব্যয় করা হবে।

সংবাদ সম্মেলনে তিনি জানান, ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের জব্দ করা সম্পদের মূল্য হতে পারে ১২ থেকে ১৫ হাজার কোটি টাকা। এগুলো একটি স্ট্র্যাটেজিক বিনিয়োগকারীর কাছে হস্তান্তর করা হবে। জব্দ করা অর্থ আমানতকারীদের ক্ষতিপূরণে ব্যবহৃত হবে।

পাচার করা অর্থ ফেরত আনার বিষয়ে গভর্নর বলেন, আমাদের অভিজ্ঞতা না থাকলেও ইতিমধ্যে ছয় মাসের প্রশিক্ষণ চলছে এবং যৌথ তদন্তে দলের বিদেশি প্রশিক্ষকের সহায়তায় কাজ এগিয়ে চলছে। ইউকে, ইউএসএ, কানাডা, ইউএই ও সিঙ্গাপুর সহযোগিতার আশ্বাস দিয়েছে।’ তিনি আরও বলেন, সঠিক প্রমাণ পেলে পাচারকারীরা ওইসব দেশের নাগরিকত্বও হারাতে পারেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এ এফ এম শাহীনুল ইসলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত