বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের কয়েক উপদেষ্টা চক্রান্ত করে দেশে অস্থিরতা ও অস্থিতিশীলতা সৃষ্টি করতে চান। তাদের সম্পর্কে আমরা প্রধান উপদেষ্টাকে জানিয়েছি।’ এ উপদেষ্টাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানাচ্ছি। সিলেট নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ।
সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘কেউ কেউ স্বপ্ন দেখছেন অনির্দিষ্টকাল ক্ষমতা ভোগ করার। অনির্বাচিত হয়েও যতদিন খুশি থাকার। এ প্রেক্ষাপটে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি দ্রুত নির্বাচন দিয়ে দেশে স্থিতিশীলতা, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনুন। আপনি সবার কাছে সম্মানিত ব্যক্তি। কিন্তু আপনার সম্মান রক্ষা হবে কি না আমার সন্দেহ আছে। কথাগুলো খুব নরমভাবে বললাম, সেজন্য প্রধান উপদেষ্টা নরমভাবে নেবেন সেটা হবে না। প্রধান উপদেষ্টা হয়তো আমার কথাগুলো আপনার কানে যেতে পারে, নাও যেতে পারে। গেলে ভালো, আর যদি আপনি কানে না তুলেন, তাহলে সবার জন্য খারাপ। ভাবটা এখন এমন হয়েছে আপনাদের, উপদেষ্টারা মনে করছেন পুরো দেশ যেন তাদের কথায় উঠবে আর বসবে।’
