উয়েফা নেশনস লিগের 'ফাইনাল ফোর'র জন্য পর্তুগাল দলের ঘোষণায় সবচেয়ে বেশি আলোচনায় দুই প্রজন্মের দুই ফুটবলার—৪০ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সদ্য ১৮ পেরোনো রদ্রিগো মোরা।
পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জার্মানিতে অনুষ্ঠিতব্য 'ফাইনাল ফোর' সামনে রেখে ২৭ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছেন। সেখানেই জায়গা পেয়েছেন এফসি পোর্তোর আক্রমণাত্মক মিডফিল্ডার রদ্রিগো মোরা, যিনি এই মৌসুমেই সিনিয়র লেভেলে আত্মপ্রকাশ করে ২৩টি লিগ ম্যাচে করেছেন ১০ গোল, করিয়েছেন ৪টি।
মার্টিনেজ রদ্রিগোকে নিয়ে বলেন,
“রদ্রিগো মোরা সম্পর্কে বললে আমার মুখে হাসি চলে আসে। আমি মনে করি, এই ছেলেটি পর্তুগিজ ফুটবলের একটি যুগ গড়বে।”
সামনে থেকে আক্রমণের নেতৃত্বে হয়তো রোনালদোই থাকবেন, আর ঠিক পেছনে দেখা যাবে রদ্রিগো মোরার সৃষ্টিশীলতা। দুই প্রজন্মের এই যুগলবন্দি পর্তুগিজ ভক্তদের মনে জাগাচ্ছে উত্তেজনা ও কৌতূহল—বুড়ো রোনালদোর সঙ্গে তরুণ মোরার কীভাবে রসায়ন তৈরি হয়!
রোনালদো যখন জাতীয় দলে অভিষেক করেছিলেন (২০০৩ সালে), তখন মোরা জন্মেওনি। অথচ দুই দশক পর একই জার্সিতে একসঙ্গে খেলবেন দুজন।
এদিকে, কোচ মার্টিনেজ ইনজুরির কারণে বাদ দিয়েছেন বেনফিকার সেন্টারব্যাক তমাস আরাউজোকে। এছাড়া শিরোপাজয়ী স্পোর্তিংয়ের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার—উইঙ্গার জিওভানি কোয়েনদা এবং ডিফেন্ডার এদুয়ার্দো কুয়ারেসমাকেও রাখা হয়নি দলে।
তবে ফিরেছেন স্পোর্তিং মিডফিল্ডার পেদ্রো গনসালভেস, যিনি মৌসুমের শেষ দিনে শিরোপা নিশ্চিত করা ম্যাচে গোল করেছিলেন ভিতোরিয়ার বিপক্ষে।
পর্তুগালের সেমিফাইনাল প্রতিপক্ষ শক্তিশালী স্বাগতিক জার্মানি। ম্যাচটি হবে ৪ জুন মিউনিখে। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ জুন।
ম্যানইউ আর কচ্ছপপ্রেমী এক ফাস্ট বোলারের গল্প