তালগোল না পাকিয়ে ধোনিকে বিদায় নিতে বললেন শ্রীকান্ত

আপডেট : ২১ মে ২০২৫, ০৪:১৩ পিএম

চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনি সুপার ফ্লপ। তার দল চেন্নাই সুপার কিংস প্লে-অফে যেতে পারেনি। গতকাল মঙ্গলবার রাতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে আটে নেমে ১৭ বলে ১৬ রান করেন ধোনি। তার এমন ব্যাটিং নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে, যাতে যোগ দিয়েছেন ভারতের হয়ে ১৯৮৩ বিশ্বকাপ জেতা কৃষ্ণমাচারি শ্রীকান্ত।

পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বেহাল দশার পেছনে ধোনিকেই দায়ী করছেন অনেকে। এবারের আসরে ধোনি ১৩ ইনিংসে ২৪.৫০ গড়ে ১৯৬ রান করেছেন, ১৩৫.১৭ স্ট্রাইকরেটে। কিন্তু দলের জয়ে ভূমিকা রাখতে পারেননি। মেটাতে পারেননি পরিস্থিতির দাবি। ফলে প্রথমবারের মতো আইপিএলের পয়েন্ট টেবিলের একদল তলানিতে থেকে আসর শেষ করার পথে চেন্নাই।

এমতাবস্থায় ধোনিকে বিদায় নিতে বললেন শ্রীকান্ত, ‘তালগোল পাকানোটা থামান, বাস্তবতা মানতে হবে। ধোনির বয়স হয়েছে। তার কাছ থেকে আপনি বেশি কিছু চাইতে পারেন না। আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে বিদায় নেওয়া উচিত। এই সিদ্ধান্তটাই ধোনিকে নিতে হবে। আর সে যদি চালিয়ে যেতে চায় তাহলে ঠিক করতে হবে অধিনায়ক, উইকেটকিপার না ফিনিশার? কোন ভূমিকায় সে খেলবে? সত্যি বলতে তার রিফ্লেক্স কমে গেছে, তার হাঁটু সাড়া দিচ্ছে না।’

প্রতিবছর আইপিএলের আগেই ক্রিকেট থেকে ধোনির অবসর নিয়ে জল্পনা শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত তিনি আর অবসর নেন না। আগামী ২৫ মে গুজরাট টাইটান্সের বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচ খেলবে চেন্নাই। ওই ম্যাচ খেলে ধোনি অবসরে যাবেন কিনা সেটাও অনিশ্চিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত