ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
আজ বুধবার (২১ মে) বিকেলে রাজধানীর কাকরাইল মোড়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার প্রবেশমুখে অবস্থান নিয়ে এ কথা জানান আন্দোলনকারীরা।
তারা জানান, আগামীকাল (বৃহস্পতিবার) উচ্চ আদালতের রায় ঘোষণা পর্যন্ত দলটির নেতাকর্মীরা অবস্থান চালিয়ে যাবেন। আদালতের রায় তাদের পক্ষে না গেলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে বুধবার (২১ মে) রাতে রাজধানীর কাকরাইলে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছেন ইশরাক হোসেন। এ সময় ইশরাক বলেন, নির্বাচন কমিশন স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত দিবে সেটাই মানতে হবে। একটি নতুন দল, যাদের নিয়ে আমি আশাবাদী ছিলাম। কিন্তু দলগঠন করার পর সরকারের মধ্যে এদের অংশ রয়ে গেল। কাজেই নিরপেক্ষ সরকার আমরা পাইনি। সরকারের মধ্যে অনেকেই আছে যারা বিএনপি যাতে নির্বাচনে ভালো করতে না পারে সে চক্রান্ত করছে।
তিনি আরও বলেন, আমরা কি আরেকটা স্বৈরাচারী সরকার তৈরি হতে দিতে পারি? আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি সেভাবে সব স্বৈরাচার সরকারকে বিদায় করতে পারব।
ইশরাক হোসেনের সমর্থকরা গত ১৪ মে থেকে নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে আসছেন। এই বিক্ষোভ কর্মসূচির সমন্বয়কারী সাবেক সচিব মশিউর রহমান। তিনি বিকেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না এলে কঠোর কর্মসূচি ও ঢাকা অচল করে দেওয়ার হুমকি দেন।
পুলিশের হাত থেকে পালাল ২ মাদক কারবারি
সরকারি কর্মকর্তার পরিচয়ে সুবিধাভোগীদের টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকাররা