আইসব্রেকারের জন্য শক্তিশালী নিউক্লিয়ার রিয়্যাক্টর তৈরি করেছে রসাটম

আপডেট : ২২ মে ২০২৫, ০২:৪১ পিএম

নির্মাণাধীন সুপার-আইসব্রেকার ‘রাশিয়া’ জাহাজে বসানোর উদ্দেশ্যে প্রথম RITM-400 ক্ষুদ্র নিউক্লিয়ার রিয়্যাক্টরটির নির্মাণ কাজ সফলভাবে সম্পন্ন করেছে রসাটম। RITM-400 এই শ্রেণীর ক্ষুদ্র রিয়্যাক্টরগুলোর মধ্যে সর্বাধিক ক্ষমতাসম্পন্ন হিসেবে বিশিষ্ট। প্রতিটি আইসব্রেকারেই এ ধরনের দুটি করে রিয়্যাক্টর বসানো হবে, যা বরফের প্রায় চার মিটার পুরু পৃষ্ঠ কাটিয়ে এগিয়ে চলার সক্ষমতা দেবে।

সম্প্রতি রুশ ফেডারেশনের কাউন্সিল অফ ফেডারেল এসেম্বলির চেয়ারম্যান ভ্যালেন্তিনো মাদভিয়েনকা এবং রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ যৌথভাবে রিয়্যাক্টরটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। ‘রাশিয়া’ জাহাজের দুটি RITM-400 রিয়্যাক্টরের নামকরণ করা হবে রাশিয়ার জাতীয় বীর ইলিয়া মুরুতমেটস এবং দোবরিনিয়া নিকিতিচ এর নামে।

বক্তব্যে আলেক্সি লিখাচেভ বলেন, “রুশ আইসব্রেকার বহর, রসাটম এবং সমগ্র রাশিয়ার জন্য RITM-400 নির্মাণ একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক। এই অত্যাধুনিক রিয়্যাক্টরগুলো উত্তর মেরুর কঠোর পরিবেশে জাহাজকে সাবলীলভাবে চলাচলে সহায়তা করবে।”

রসাটমের যন্ত্রনির্মাণ বিভাগের প্রধান ইগোর কতোভ জানান, “কয়েক দিনের মধ্যেই দ্বিতীয় RITM-400 রিয়্যাক্টরটির কাজও শেষ হবে। এরপর উভয় ইউনিটকে আইসব্রেকার জাহাজে স্থাপনের জন্য শিপইয়ার্ডে পাঠানো হবে। রাশিয়ার পারমাণবিক শিল্পের আট দশক পূর্তি উপলক্ষে এটি রসাটমের পক্ষ থেকে বিশেষ উপহার বলেই আমি মনে করি। প্রকল্পটি সম্পন্ন হলেই উত্তর মেরু সমুদ্রপথের উন্নয়নে নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।”

RITM-400 হল RITM-200-এর উন্নত সংস্করণ; এর তাপীয় শক্তি ৩১৫ মেগাওয়াট, যা এটিকে বর্তমানের সব মেরিন রিয়্যাক্টরের মধ্যে সবচেয়ে শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করে। রাশিয়া একমাত্র দেশ যার নিজস্ব নিউক্লিয়ার আইসব্রেকার বহর আছে; বর্তমানে বহরে মোট আটটি আইসব্রেকার লাইনআপ করা রয়েছে।

রাশিয়া ২০২৫ সালে তাদের পারমাণবিক শিল্পের ৮০ বছর উদযাপন করছে। ১৯৪৫ সালের ২০ আগস্ট সোভিয়েত ইউনিয়নে পারমাণবিক শক্তি ব্যবহারের প্রথম বিশেষ কমিটি গঠন হয়েছিল। এই ঐতিহাসিক মাইলফলক স্মরণে গ্রহণ করা বড় উদ্যোগগুলির মধ্যে অন্যতম আন্তর্জাতিক ফোরাম ‘ওয়ার্ল্ড এটমিক উইক’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত