ঈদের আগে ডাকসুর তফসিল না হলে আন্দোলনের হুমকি

আপডেট : ২৩ মে ২০২৫, ০৬:১৬ এএম

আগামী দুদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (ডাকসু) নির্বাচন কমিশন গঠন করে ঈদের ছুটির আগে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ে একদল শিক্ষার্থী। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে এ দাবি জানান শিক্ষার্থীরা। এ ছাড়া দ্রুত সময়ের মধ্যে ডাকসু নির্বাচন না দিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

সংবাদ সম্মেলনে ঢাবির বাংলা বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, ‘দ্রুততম সময়ে ডাকসুর কার্যক্রম শুরু করার জন্য আমরা বারবার দাবি জানিয়ে আসছি। আন্দোলনের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটা টাইমলাইন দিতে বাধ্য হয়। মে মাসের মধ্যে নির্বাচন কমিশন ও খসড়া ভোটার তালিকা প্রণয়নের কথা থাকলেও সে বিষয়ে কোনো অগ্রগতি নেই। আগামী দুদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন ও ঈদুল আজহার ছুটির আগে তফসিল ঘোষণা না হলে আমরা কঠোর আন্দোলনে

নেমে আসব।’

এ বি জুবায়ের বলেন, ‘আগস্টের পর থেকেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত, মৌখিক ও অনলাইনের মাধ্যমে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করার দাবি জানিয়ে আসছি। তারা আমাদের বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে কিন্তু এর কোনো বাস্তবায়ন আমরা দেখিনি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী ডাকসু নির্বাচন চাচ্ছে। ঈদের ছুটির আগে ডাকসুর তফসিল ঘোষণার না করা হলে বড়সড় গণ-আন্দোলন গড়ে তুলে ডাকসু আদায় করে নেওয়া হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত