গাজীপুরে মামলা থেকে নাম বাদ দিতে বাদীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ২৩ মে ২০২৫, ০৭:৪৩ পিএম

গাজীপুরে মামলায় আসামি করার হুমকি ও তালিকা থেকে নাম বাদ দেওয়া এবং মামলা থেকে জামিন করিয়ে দেওয়ার জন্য মানুষের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে বাদীর বিরুদ্ধে। 

এ ঘটনায় স্থানীয়রা ওই বাদীর বিরুদ্ধে মানববন্ধন করেছেন। শুক্রবার বিকালে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকায় ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। পরে স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচিতে কয়েক’শ শিক্ষার্থী ও এলাকার সাধারণ মানুষ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন অভ্যুত্থানকারী ছাত্র শ্রমিক জনতা কেন্দ্রীয় কমিটি যুগ্ম আহ্বায়ক সুজন, গাজীপুর জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক তুহিন, মুখ্য সংগঠক রবিউল হাসান ও গাজীপুর সদর উপজেলা ছাত্র প্রতিনিধি সম্রাট। 

মানববন্ধনে বক্তারা দাবি করেন, গত ৫ মে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় সদর উপজেলার বেগমপুর গ্রামের মৃত ইন্নছ আলীর ছেলে খন্দকার আল আমিন বাদী হয়ে বাসন থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। মামলায় প্রায় শতাধিক ব্যক্তির নাম উল্লেখ করা হয়, যার মধ্যে অনেক নিরীহ মানুষও রয়েছেন। 

বক্তাদের দাবি, ব্যক্তিগত শত্রুতার জেরে এই মামলায় সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে এবং মামলা থেকে অব্যাহতি দেওয়ার বিনিময়ে চাঁদা দাবি করা হচ্ছে। অন্যদিকে টাকার বিনিময়ে বাদী নিজে আদালতে হাজির থেকে আসামিদের জামিনে বের করে আনছেন। এর জন্য তিনি প্রত্যেকের কাছে বিপুল পরিমাণ অংকের চাঁদা দাবি করছেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী ও শিক্ষার্থীরা খন্দকার আল আমিনের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ভুয়া মামলায় নিরীহ মানুষদের অব্যাহতির দাবি জানান।

এ ব্যাপারে খন্দকার আল আমিনের মোবাইলে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন ধরেন নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত