ড. ইউনূসকে রাষ্ট্রপতি ও ৫ বছর ক্ষমতায় রাখতে 'মার্চ ফর ইউনূস'

ঢাবি প্রতিনিধি

আপডেট : ২৪ মে ২০২৫, ০৬:১৮ পিএম

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার দাবিতে এবং তাকে আরও ৫ বছর ক্ষমতায় রাখতে শাহবাগে ‘মার্চ ফর ইউনূস’ কর্মসূচি পালন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে ৫ বছর ক্ষমতায় রাখার পাশাপাশি জাতীয় সরকার গঠন করতে হবে।

আজ শনিবার বিকেলে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে ‘দেশের সর্বস্তরের জনগণ’ ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তাদের দাবির মধ্যে রয়েছে- ড. মুহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ করতে হবে; জাতীয় সরকার গঠন করতে হবে; সংবিধান সংস্কার করতে হবে; জুলাই মাসের হত্যাকাণ্ডের জন্য দায়ী আওয়ামী লীগের বিচার করতে হবে এবং ড. ইউনূসকে অন্তত ৫ বছরের সময় দিতে হবে।

আয়োজকরা কর্মসূচিতেব অংশগ্রহণকারীরা ‘ইউনূস তুমি ঐক্য করো, বাংলাদেশ রক্ষা করো’; 'আগে সংস্কার, পরে নির্বাচন'; ‘তুমি কে, আমি কে? ইউনূস, ইউনূস!’; ‘দিল্লি না ঢাকা, ঢাকা’; ‘এই মুহূর্তে দরকার জাতীয় সরকার’; ‘বাঁশের লাঠি তৈরি করো, বাংলাদেশ রক্ষা করো’; ‘চুপ্পু না ইউনূস, ইউনূস ইউনূস’; ‘ইনকিলাব জিন্দাবাদ'- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

শাহবাগের অবস্থান কর্মসূচি থেকে রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলা হয়, আপনারা আলোচনা করুন, বসুন, সময় নিন। প্রয়োজনে যেন বিতর্কিত রাষ্ট্রপতিকে দ্রুত সময়ে অপসারণ করে ড. ইউনূস স্যারকে রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করে একটা শক্তিশালী সরকার গঠন করুন, যেখানে আওয়ামী লীগের বিচার সম্পন্ন হওয়ার পর আমাদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার চাই।

সার্বিক বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ইনকিবাল মঞ্চ নামক একটি সংগঠনের সদস্যরা এই সমাবেশ আয়োজন করে। সমাবেশে উপস্থিত লোকসংখ্যা কম হলেও নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ তৎপর ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত