জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচিহ্ন সংরক্ষণের উদ্যোগ নিচ্ছে সরকার। তবে এ সরকারের মেয়াদে কাজটি শেষ না-ও হতে পারে বলে জানিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রবিবার কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় কবির ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‘চব্বিশের গণঅভ্যুত্থান : কাজী নজরুলের উত্তরাধিকার’ প্রতিপাদ্য নিয়ে তিন দিনব্যাপী এ আয়োজনে সহযোগিতা করছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। আয়োজন করেছে কুমিল্লা জেলা প্রশাসন। মোস্তফা সরয়ার ফারুকী বলেন, জাতীয় কবি নজরুল ইসলাম বর্ণাঢ্য চরিত্রের অধিকারী ছিলেন। তাকে নিয়ে যদি সিনেমা বানানো হয়, সেটা আন্তর্জাতিকভাবেও প্রশংসিত হবে।
