সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সচিবালয়ে বিক্ষোভরত কর্মকর্তা-কর্মচারীরা। টানা তৃতীয় দিনের মতো আজ সচিবালয়ে বিক্ষোভ করেন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
এদিকে সচিবালয়ের এ বিক্ষোভকে ‘ক্যু’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এই ‘ক্যু’ অব্যাহত রাখলে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের পরিণতি পতিত হাসিনার মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সোমবার (২৬ মে) সন্ধ্যা ৬টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘জনদুর্ভোগ ও ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার ক্যান্টনমেন্ট হিসেবে পরিচিত সচিবালয়ের ক্যু সম্পর্কে সচেতন থাকুন। পাঁচ অগাস্ট পর্যন্ত কালো ব্যাজ ধারণ করে, হাসিনাকে সমর্থন দিয়ে অফিস করা সচিবালয়ের কর্মকর্তারা তাদের ক্যু অব্যাহত রাখলে তাদের পরিণতি পতিত হাসিনার মতো হবে।’
তিনি আরও লিখেন, ‘বাংলাদেশের জনগণ সবকিছু পর্যবেক্ষন করছে। সুতরাং, সাবধান!’
সরকারকে জিম্মি করলে সেটার পরিস্থিতি ভালো হবে না মন্তব্য করেন হাসনাত। সোমবার (২৬ মে) সকালে চট্টগ্রাম উত্তর জেলায় সাংগঠনিক সফর শুরুর আগে ষোলশহরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় তিনি বলেন, সংস্কার কার্যক্রমে বাধা দিলে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে। সরকারকে সহযোগিতা করুন, সংস্কার কার্যক্রমকে সহযোগিতা করুন। আপনাদের তো কোনো হিম্মত ছিল না ফ্যাসিবাদী সরকারকে প্রশ্নবিদ্ধ করার।
সরকার যখন সংস্কার কার্যক্রম শুরু করছে, সেখানে তারা সহযোগিতা না করে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানান এনসিপির এ নেতা।
তিনি বলেন, স্পষ্ট ভাষায় বলতে চাই— আমাদের জীবন থাকতে, বেঁচে থাকতে, সরকারের সংস্কার কার্যক্রমে যদি বাধা আসে, সচিবালয় থেকে যদি বাধা আসে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে প্রতিরোধ করা হবে। আপনারা এটা ভাববেন না যে, আপনাদের বিকল্প নেই। জনগণ বিকল্প খুঁজে নেবে।
