বগুড়ায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধরের মামলায় পলাতক রোহান ব্যাপারী এবার ছুরিকাঘাতে স্ত্রী ববি আক্তারকে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৬ মে) দুপুরে নিহত ববি আক্তারের মা আনজু বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
সোমবার বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার রাত ১১টার দিকে শহরের নূরানী মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে স্ত্রীকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে রোহান সেখান থেকে পালিয়ে যান। ঘটনার পর রোহানের বাবা রবিউল ব্যাপারী ও মা পপি আক্তারসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত ববি আক্তারের স্বজন, থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাত বছর আগে প্রেমের সম্পর্কের পর তাদের বিয়ে হয়। তাদের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। গত ১৫ এপ্রিল রাতে বগুড়া শহরের কালিতলা এলাকায় রোহান ও তার কিশোর গ্যাংয়ের কয়েকজন সদস্য মদ্যপ অবস্থায় দুই পুলিশ কর্মকর্তাকে মারধর করেন। এরপর ওই ঘটনায় মামলা হলে রোহান পলাতক ছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে শহরের নূরানী মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। সম্প্রতি বেলী নামের এক নারীর সঙ্গে রোহানের পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। স্ত্রী ববি ওই সম্পর্কে বাধা দিলে দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়।
রবিবার (২৫ মে) রাত ১১টার দিকে ঝগড়ার একপর্যায়ে রোহান ধারালো ছুরি দিয়ে স্ত্রীর বুক ও শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করেন।
ওসি হাসান বাসির বলেন, এ ঘটনায় নিহতের মা আনজু বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। ঘটনার পেছনে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
১২ দিন বন্ধের পর বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি শুরু
রায়পুরে ৮ বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ
হাসিনাসহ ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত একচুল নড়বেন না