অন্তর্বর্তী সরকারকে সারজিস

হাসিনাসহ ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত একচুল নড়বেন না

আপডেট : ২৬ মে ২০২৫, ০৫:৩১ পিএম

খুনি হাসিনাসহ ফ্যাসিস্ট সরকারের খুন, দুর্নীতির বিচার না হওয়া পর্যন্ত বর্তমান অন্তর্বর্তী সরকার একচুল নড়বেন না। কে কি বলে বলুক। আপনাদের এ দেশের জনগণ রাষ্ট্র ক্ষমতা দিয়েছে, তাই জনগণের চাওয়া পূরণ করার পর জাতীয় নির্বাচনের মাধ্যমে যেতে হবে।

সোমবার (২৬ মে) দুপুরে নীলফামারীর ডোমারে জনসংযোগকালে এক পথসভায় এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। 

সারজিস আলম বলেন, মার্কা দেখে নয়, ভালো মানুষকে সমর্থন দিবেন। এতে কোন ব্যক্তি বা দলের অন্ধভক্ত হওয়ার প্রয়োজন নেই। আগামীতে দেশের ও আপনার এলাকায় কারা নেতৃত্ব দেবে সেই ভালো মানুষকে বেছে নিতে হবে। তা না হলে ফ্যাসিস্ট আওয়ামী লীগ পুনরায় মাথাচাড়া দিয়ে উঠবে। 

তিনি বলেন, আপনাদের যদি এনসিপির প্রতি সমর্থন থাকে তাহলে এনসিপিকে বেছে নিবেন। আমাদের দলের কেউ যদি অন্যায় করে থাকলে তাকে মুখের ওপর বলে দেবেন। অবশ্যই তাকে সমর্থন দেবেন না। বিএনপি, জামায়াতসহ অন্যান্য দলে প্রার্থী ভালো হলে তাকে ভোট দেবেন। শুধু বলবো ভালো মানুষ চাই, দেশ পরিচালনার জন্য।

এনসিপির মুখ্য সংগঠক বলেন, আমরা আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেখতে চাই। মা-বোনদের বলি আপনি ও আপনার বাড়ির মানুষের কথায় ভোট দেবেন না। আপনার নিজেও ক্ষমতা আছে। বিগত সময়ে অনেকে বড় বড় কথা বলে টাকার বিনিময়ে ও ভোট-ডাকাতির মাধ্যমে নির্বাচিত হয়ে উন্নয়নের নামে লুটেপুটে খেয়েছে। এই সকল মানুষকে বর্জন করবেন। আপনার ভোট আপনি দেবেন ভালো মানুষ দেখে দেবেন।

তিনি বলেন, দেশের প্রতিটি জেলার নাগরিকদের এনসিপিতে অন্তর্ভুক্ত করতে জেলায় জেলায় চলছে আমরা সদস্য সংগ্রহ কর্মসূচি শুরু করেছি। তারই ধারাবাহিকতায় আজ নীলফামারী জেলায় জনসংযোগ শুরু করা হয়েছে। আজ আমরা সারাদিন নীলফামারী জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ, নীলফামারী জেলা শহর ও সৈয়দপুরে মৌলিক সংস্কার নিয়ে জনমত গঠনে জনসংযোগ করতে এসেছি। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই ২০২৪ গণঅভ্যুত্থান কেবল একটি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধেই বিজয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ নির্মাণেরও শপথ।

এ জন্য সারজিস সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চলুন আমরা একসঙ্গে, হাতে হাত রেখে, এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে প্রতিটি নাগরিকের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হবে, যেখানে  ন্যায় প্রতিষ্ঠা, মানুষের অধিকারের সংগ্রামই হবে রাজনীতির অন্যতম ল্য। যেখানে সাম্য ও মানবিক মর্যাদা হবে রাষ্ট্রের ভিত্তি। এখনই সময় নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার, এবং একটি নতুন বাংলাদেশ গড়ার! আশাকরি এই নতুন বাংলাদেশ গড়ায় আমরা আপনাদের পাশে পাবো।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক ড. আতিক মুজাহিদ, সাদিয়া ফারজানা দিনা আবু সাঈদ লিওন, আলী নাছের খান, আসাদুল্লাহ আল গালিবসহ নীলফামারী জেলার নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত