শিবালয়

সাবেক উপজেলা চেয়ারম্যান ৪ দিনের রিমান্ডে

আপডেট : ২৬ মে ২০২৫, ০৮:৫৭ পিএম

মানিকগঞ্জের শিবালয় উজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম খানের (৬৫) ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৬ মে) শিবালয় থানায় রফিক হত্যা মামলায় (নম্বর ৫(৮)২০২৪) মানিকগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৭ দিনের রিমান্ড মঞ্জুর আবেদনসহ আব্দুল রহিমকে হাজির করে।

উভয় পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিহা নোশীন বর্ণী ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

পুলিশ জানায়, গত বছরের ৫ আগস্ট শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাটে ছাত্র-জনতা আন্দোলনে গুলিতে পার্শ্ববর্তী রুপসা গ্রামের রহিজ উদ্দিনের পুত্র উলাইল ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবদলের জয়েন্ট সেক্রেটারি রফিক মারা যায়। এ মামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৪৯ জনের বিরুদ্ধে থানায় মামলা হয় (নম্বর ৫(৮)২০২৪)।  ডিবি পুলিশের একটি টিম অভিযান চালিয়ে শাহবাগ থানার তোপখানা রোডের নকশী হোমস বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। 

রহিম খানের আইনজীবী আব্দুল রাজ্জাক সাংবাদিকদের জানান, আসামি রহিম খানকে পুলিশ ৭ দিনের রিমান্ডসহ আদালতে সোপর্দ করলে শুনানি শেষে বিজ্ঞ আদালতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করে। তার বিরুদ্ধে শিবালয় ২টি, ঢাকার শাহবাগ, মিরপুর, যাত্রাবাড়ি থানায় ১টি করে ও পৃথক ৩টিসহ মোট ৮টি মামলা রয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা এসআই সুমন দেশ রূপান্তরকে জানান, রফিক হত্যা মামলার আসামি আব্দুর রহিম খানকে জেলা ডিবির সহায়তায় ঢাকা থেকে গ্রেপ্তার করে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়। বিজ্ঞ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিহা নোশীন বর্ণী চার দিনের রিমান্ড দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত