রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যার উদ্দেশ্যে তাকে বহনকারী হেলিকপ্টার লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত সপ্তাহে কুরস্ক অঞ্চল পরিদর্শনকালে এ ঘটনা ঘটে।
দেশটির আকাশ প্রতিরক্ষা বিভাগের কমান্ডার ইউরি ড্যাশকিন রসিয়া-২৪ টিভি চ্যানেলে এ তথ্য জানিয়েছেন।
কমান্ডার ড্যাশকিন টেলিভিশনে বলেন, ওই অঞ্চলের কমান্ডার-ইন-চিফের সঙ্গে হেলিকপ্টারটি উড্ডয়নের সময় ইউক্রেনের আক্রমণের তীব্রতা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
তিনি জানান, হেলিকপ্টারটি ইউক্রেনের বিশাল ড্রোন হামলার কেন্দ্রস্থলে ছিল। তবে তারা ওই হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছেন এবং প্রেসিডেন্টের হেলিকপ্টারটি নিরাপদ স্থানে নিয়ে যান।
ইউক্রেনের সশস্ত্র বাহিনী (ইউএএফ) থেকে অঞ্চলটি মুক্ত হওয়ার পর গত ২০ মে প্রথমবারের মতো কুরস্ক অঞ্চল সফর করেন পুতিন। প্রেসিডেন্ট স্থানীয় এইড সেন্টারে স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তার সঙ্গে ছিলেন এই অঞ্চলের ভারপ্রাপ্ত প্রধান এ খিনশটেইন।
