বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মানব সম্পদ বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. কবীর হোসেনকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের নতুন প্রকল্প পরিচালক নিযুক্ত করা হয়েছে। তিনি ড. জাহেদুল হাছানের স্থলাভিষিক্ত হবেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আজ সোমবার এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করেছে।
ড. মো. কবীর হোসেন ১৯৭৫ সালের ১২ জুন বরগুনা জেলার বামনা উপজেলার গোলাঘাটা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে ১৯৯৬ সালে বিএসসি (সম্মান) এবং ১৯৯৭ সালে এমএসসি ডিগ্রি অর্জন করেন। পরে জাপানের কিউশু বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯ সালে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পরমাণু শক্তি কমিশন সূত্র জানিয়েছে, ড. কবীর ২০০০ সালের ১৭ জানুয়ারি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে যোগদান করেন এবং বর্তমানে প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনি ২০২৪-২০২৫ সালে রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং ২০১৯-২০২৪ সালে মানবসম্পদ ব্যবস্থাপনা প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেখানে তিনি মানবসম্পদ উন্নয়ন, আইএইএ এবং রাশান ফেডারেশনের সঙ্গে প্রশিক্ষণ কর্মসূচি সমন্বয় এবং প্রকল্পের গুরুত্বপূর্ণ পর্যায়ের নকশা ও বাস্তবায়নে অবদান রেখেছেন।
এ ছাড়া তিনি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা আইইএ, জাপান এটমিক এনার্জি রিসার্চ ইনস্টিটিউট, রাশিয়ার ওবনিনস্কেও সিআইসিইটি এবং আরসিএ-এর আয়োজিত আন্তর্জাতিক প্রশিক্ষণ, ওয়ার্কশপ এবং মিশনে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণের মাধ্যমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন ও পরমাণু অবকাঠামো উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন বলে জানিয়েছে পরমাণু শক্তি কমিশন।
এর বাইরে পরমাণুবিষয়ক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে মূল দায়িত্ব পালনের পাশাপাশি পরমাণু সংশ্লিষ্ট বিভিন্ন মিশনের জন্য প্রাক-পর্যবেক্ষণ ও স্বমূল্যায়ন প্রতিবেদন প্রস্তুত এবং সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে দায়িত্ব পালন করেন।
স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রতিবেদন চরম বৈষম্যপূর্ণ
নোবিপ্রবিতে যৌন হয়রানির অভিযোগে ২ শিক্ষককে বরখাস্ত