রূপপুরে পারমাণবিক বিক্রিয়া সফল ভাবে শুরু হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে প্রথমবারের মতো পারমানবিক বিক্রিয়া শুরু করে রোসাটম। এখন বিক্রিয়ার স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য কয়েক দিন অপেক্ষা করতে হবে।
রোসাটম ঢাকার একজন কর্মকর্তা দেশ রূপান্তরেক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এখন ধাপে ধাপে কেন্দ্রটির নানা পরীক্ষা শেষ করা হবে। নভেম্বরের ২০ তারিখ থেকে কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে বলে জানান ওই কর্মকর্তা।
এর আগে বৃহস্পতিবার (৮ অক্টোবর) রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে (বাপশক) লাইসেন্স দেয় বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)। এর মধ্য দিয়ে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পাওয়ার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ একটি ধাপ অতিক্রম হলো।