গয়েশ্বর চন্দ্র বললেন

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে সহযোগিতা করেছে বিএনপি

আপডেট : ২৬ মে ২০২৫, ০৯:৪১ পিএম

তারেক রহমান প্রবাসে থেকেও সংকটকালে ভার্চুয়ালি যোগাযোগের মাধ্যমে দেশের মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

আজ সোমবার নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সদ্য কারামুক্ত জাকির খানকে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে তিনি দূরে থেকে দলের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণের পাশে থেকেছেন। শুধু তাই নয়, চব্বিশের জুলাই-আগস্টে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনেও বিএনপি সহযোগিতা করেছে।

আমরা ফ্যাসিস্ট আওয়ামী লীগকে তাড়াতে পেরেছি ঠিকই কিন্তু জনগণ এখনও গণতন্ত্রের নাগালের বাইরে উল্লেখ করে তিনি বলেন, এ জন্যই বিএনপি এখনও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আছে। জনগণের ভোটাধিকার আদায়ের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।

এ সময় গয়েশ্বর রায় বলেন, গণতন্ত্রের লড়াইয়ে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিগত দিনে অনেক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এমনকি তাকে হত্যার চেষ্টাও করা হয়।

তিনি বলেন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান সাহসী নেতা। পতিত স্বৈরাচারের শাসনামলে ছাত্রদলের এই নেতা অনেক হামলা-মামলার শিকার হন। জাকিরের রাজনৈতিক পথচলার সাফল্য কামনা করেন বিএনপি নেতা গয়েশ্বর রায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত