প্রিমিয়ার লিগের শিরোপা জয় উদযাপন করতে গিয়ে মহাবিপদে পড়েছিলেন লিভারপুল সমর্থকেরা। স্থানীয় সময় গতকাল সোমবার ব্রিটেনের লিভারপুল শহরের ওয়াটার স্ট্রিটে চলমান র্যালির মধ্যে ঢুকে একের পর এক মানুষকে ধাক্কা দিতে দিতে এগিয়ে যায় একটি গাড়ি। এতে চার শিশুসহ অন্তত ৪৭ জন আহত হয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, আহতদের মধ্যে ২০ জনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বাকি ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যে গাড়িচালককে গ্রেফতার করেছে ব্রিটেনের পুলিশ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, এটা কোনো সন্ত্রাসী হামলা নয়। এটাকে একটি 'বিচ্ছিন্ন ঘটনা' বলেই মনে করছে পুলিশ।
প্রিমিয়ার লিগের শিরোপা জয় উদযাপন করতে গতকাল বিকালে হুডখোলা বাসে ‘রোড শো’ করেছেন লিভারপুলের ফুটবলার, কোচ এবং অন্য সদস্যেরা। সেই রোড শোতে ছিলেন বিপুল সংখ্যক সমর্থক। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটা ভিডিওতে দেখা যায়, সমর্থকদের ওপর দিয়ে চালিয়ে দেওয়া হয়েছে একটি গাড়ি। গাড়ির সামনের অংশে ধাক্কা খেয়ে ছিটকে পড়ছেন লিভারপুল সমর্থকেরা।
গ্রেফতার হওয়া গাড়িচালকের বয়স ৫৩ বছর বলে জানিয়েছে পুলিশ। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং লিভারপুলেরই বাসিন্দা। এই ঘটনাকে কেন্দ্র করে কোনও গুজব না ছড়ানোর জন্য শহরবাসীকে অনুরোধ করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত নেই বলেও পুলিশ দাবি করেছে। তবে কী কারণে সেই গাড়িচালক এই আপকর্ম করলেন, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।
'এই অধ্যায় শেষ' -আল নাসর ছাড়ার ইঙ্গিত রোনালদোর
শেষ ম্যাচে কেন রেগে গেলেন 'ক্যাপ্টেন কুল'?