নোয়াখালীতে হান্নান মাসউদ 

নাকে খত দিয়ে দিল্লির দাসত্ব মেনে নিতে অনেকে ঐক্যবদ্ধ

আপডেট : ২৭ মে ২০২৫, ০৭:২৮ পিএম

দিল্লির দাসত্ব নাকে খত দিয়ে মেনে নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলসহ অনেকে আজ ঐক্যবদ্ধ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, তারা মানুষকে বুঝাতে চাচ্ছে— ভারত থেকে অস্ত্র না কিনলে বাংলাদেশের সার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। তারা মনে করছে বাংলাদেশের মানুষ এখনো বোকার স্বর্গে বসবাস করছে। আমাদের লড়াই হলে ভারতের সঙ্গে হবে। আমরা যদি ভারত থেকে অস্ত্র কিনি তাহলে বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের সঙ্গে কখনো সেই অস্ত্র দিয়ে লড়াই করতে পারবে না। 

মঙ্গলবার (২৭ মে) বিকালে নোয়াখালী জেলা জাতীয় নাগরিক পার্টির সংগঠকদের সঙ্গে মতবিনিময় ও প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

আবদুল হান্নান মাসউদ বলেন, ভারত আমাদের বারবার চোখ রাঙানি দিচ্ছে। শেখ হাসিনার আমলে চাপে ফেলে ভারত আমাদের দেশের শিল্প খাত, চিকিৎসা খাত, কৃষি কাজের পথে নিয়ে গেছে। ভারত থেকে অস্ত্র কিনতে বাধ্য করা হয়েছিলো, মিলিটারি শক্তিকে দায়বদ্ধ করা হয়েছিল। তাদের পুরানো ট্যাংক, হেলিকপ্টার যেগুলো তারা ব্যবহার করতে পারত না সেগুলো বাংলাদেশের কাছে জোরপূর্বক বিক্রি করতো। ড. ইউনুসের সরকার সশস্ত্র বাহিনীকে নতুন করে গড়ে তোলার জন্য ভারত থেকে মিলিটারিদের জন্য অস্ত্র কেনার ২১ বিলিয়ন টাকার চুক্তি বাতিল করেছে। এই চুক্তি বাতিল করা হয়েছিল ড. খলিলুর রহমানের নেতৃত্বে। তারপর থেকে একটি গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে।

সরকারি কর্মচারীদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, সরকারি চাকরিজীবীদের দুর্নীতি বন্ধে যখনই ‘দুর্নীতিগ্রস্থদের সরকার চাইলে চাকরিচ্যুত করতে পারবে’ এমন প্রদক্ষেপ নিয়েছে তখনই ফ্যাসিবাদী আমলা চক্র সরকারের বিরুদ্ধে নেমেছে। যুগ পরিবর্তনের জন্য এক হাজার ব্যক্তির প্রয়োজন নেই, বিপ্লবী নেতৃত্বের কয়েকজনই যথেষ্ট। 

এনসিপির এ নেতা বলেন, এনবিআর থেকে প্রতি বছর কয়েক লাখ কোটি টাকা পাচার হয়। বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সেক্টর এনবিআর। সেই এনবিআর সংস্কারে সরকার উদ্যোগ নিয়েছে। এই সরকার বলছে কর আরোপ করবে একটি সংস্থা, কর আদায় করবে অন্য একটি সংস্থা। এই সরকার যখনই এনবিআর, বন্দর সংস্কারে হাত দিয়েছেন তখনই একটি গোষ্ঠীর গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। তাদের চিন্তা, এনবিআরের চুরির সিস্টেম তারা আগের মতোই রাখতে চায়।

বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে তিনি বলেন, সাইফ পাওয়ারটেকসহ দীর্ঘ সময় ধরে আমাদের সমুদ্র বন্দর দখল করে রেখেছে আওয়ামী এক ফ্যাসিবাদী শক্তি। যারা দীর্ঘ সময় থেকে আমাদের চট্টগ্রাম বন্দরের এক-চতুর্থাংশ দখল করে রেখেছে। এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে। যখন আমরা বলছি আমাদের বন্দর ব্যবস্থাপনার আধুনিকায়ন দরকার, আধুনিক নিয়ম-নীতি দরকার, এমন একটি কোম্পানির মাধ্যমে বন্দর ব্যবস্থাপনা দরকার যার ফলে বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ সমুদ্র বন্দরে রূপ নেবে আমাদের চট্টগ্রাম বন্দর ঠিক তখনই একটি শ্রেণির গায়ে জ্বালাপোড়া শুরু হয়েছে। তারা কি ভুলে গেছে সাইফ পাওয়ারটেকের ইতিহাস? এদেশের হাজার হাজার কোটি টাকার লুটপাটের ইতিহাস? তারা আসলে কাদেরকে সুবিধা দিতে চাচ্ছে? আমরা সেটা প্রশ্ন রেখে গেলাম।

জাতীয় নাগরিক পার্টির নোয়াখালী জোনের তত্ত্বাবধায়ক মুনতাসির মাহমুদের সভাপতিত্বে ও হাবিবুর রহমানের সঞ্চালনায় সভার প্রস্তুতি সভার উদ্বোধন ঘোষণা করেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর মা ফরিদা ইয়াসমিন। এসময় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব এডভোকেট হুমায়রা নূর, যগ্ম সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় সদস্য তুহিন ইমরান, নোয়াখালীর সংগঠক ইয়াছিন আরাফাতসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত