চান্দিনায় মৃত্যুর ১ বছর পর কবর থেকে আতিকুলের লাশ উত্তোলন

আপডেট : ২৭ মে ২০২৫, ০৮:২৮ পিএম

কুমিল্লার চান্দিনায় আতিকুল নামে এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে আপন ভাবি খাদিজা আক্তার শিপার বিরুদ্ধে। মৃত্যুর ১ বছর পর ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশু আতিকুলের লাশ উত্তোলন করেছে পুলিশ। 

গত বছরের ১৫ মে উপজেলার আলিকামোড়া গ্রামের নিজ বাড়ির বাথরুমে পানির বালতিতে পড়ে আতিকুলের (৩) মৃত্যু হয় বলে জানা যায়। তবে ঘটনাটি দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড এমনটাই অভিযোগ করছে নিহত শিশুর পরিবার।

ঘটনার প্রায় পাঁচ মাস পর, গত বছরের ৭ অক্টোবর চান্দিনা থানায় শিশু আতিকুলের মা হাসিনা বেগম বাদী হয়ে পুত্রবধু খাদিজা আক্তার শিপাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

মামলার পরিপ্রেক্ষিতে আদালত লাশ উত্তোলনের নির্দেশ দেন। সোমবার (২৭ মে)  দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কবর থেকে আতিকুলের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর, পিবিআই কুমিল্লা জেলা টিমের সদস্যরা এবং চান্দিনা থানা-পুলিশ। ময়নাতদন্ত শেষে পুনরায় লাশ দাফন করা হবে বলে জানিয়েছে পুলিশ। 

এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানিয়েছেন নিহত শিশুর পরিবারের সদস্য ও এলাকাবাসী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত